Ajker Patrika

প্রধানমন্ত্রীর উদ্যোগে স্থায়ী ঠিকানা পেলেন ফুটপাতের সেই গোলাপী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে স্থায়ী ঠিকানা পেলেন ফুটপাতের সেই গোলাপী
গোলাপী বেগমের হাতে ঘরের চাবি তুলে দেন পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন মানবেতর জীবন কাটানো গোলাপী বেগম অবশেষে স্থায়ী ঠিকানা পেলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে তাঁর জন্য নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। গোলাপী বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে ঘরটি নির্মাণ করা হয়।

এ সময় রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা একটি ভঙ্গুর রাষ্ট্র পেয়েছি। দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকার রাত-দিন কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী ১৪-১৬ ঘণ্টা কাজ করছেন, আর মন্ত্রীরা ১২-১৪ ঘণ্টা কাজ করছেন। জনদুর্ভোগ কমাতে এবং বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দ্রুত সমাধানে কাজ চলছে। আশা করছি, এক বছরের মধ্যে এসব সমস্যা আর থাকবে না।’

পর্যটনমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থে লুটপাট করে দেশের সম্পদ নিয়ে গেছে। বিদ্যুৎকেন্দ্রের নামে বিপুল অর্থ ব্যয় ও বিদেশে অর্থ পাচারের কারণে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি যদি ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে আসতে চান, তাহলে তার আগেই দেশে আসতে পারেন। আইন অনুযায়ী তাঁকে গ্রহণ করা হবে এবং তাঁর বিরুদ্ধে বাংলাদেশে বিচার হবে।’ শেখ হাসিনাসহ যারা দেশ ছেড়ে পালিয়ে আছেন, তাঁদের দ্রুত বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবদুল মান্নান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয় নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত