Ajker Patrika

ডিসেম্বর সামনে রেখে অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ডিসেম্বর সামনে রেখে অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

ডিসেম্বর মাসকে সামনে রেখে পলাতক আসামিদের অবৈধভাবে দেশে প্রবেশ ও দেশত্যাগ এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৫ বিজিবি)। সন্দেহজনক গতিবিধি নজরদারিতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে।

আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে ২০২১ নম্বর পিলার-সংলগ্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা জানান বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের অভিযান ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে টহল জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় কুমিল্লা সেক্টরের চারটি ব্যাটালিয়নের অধীন ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা
অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্য হলো অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামিরা যাতে অবৈধভাবে দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারেন, তা নিশ্চিত করা। এ জন্য প্রতিটি সীমান্ত চৌকিকে (বিওপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও বলেন, ডিসেম্বরের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই সেক্টরের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পুশইন ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতেও নজরদারি জোরদার করা হয়েছে।

অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা
অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

তিনি জানান, চলতি বছরের নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫৫ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সীমান্তে যেকোনো সন্দেহজনক গতিবিধি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। সীমান্তে বিজিবির টহল অব্যাহত থাকবে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত