Ajker Patrika

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৮: ১৩
টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা
আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ ঘটনা ঘটে। আহত হানিফ হোয়াইক্যং লম্বাবিল এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, হানিফ নাফ নদীতে একটি মাছের প্রজেক্টে কাজ করছিলেন। এ সময় নদীর তীরে মাটিতে পুঁতে রাখা একটি মাইনের ওপর পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

দুপুর ১২ টার দিকে এই তথ্য নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র। তিনি বলেন, ‘নাফ নদীতে মাছের প্রজেক্টে কাজ করার সময় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে জানান, নাফ নদী ও আশপাশের এলাকায় আরও মাইন পুঁতে রাখা থাকতে পারে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তারা সীমান্তবর্তী এসব এলাকায় দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদার ও জনসাধারণকে সতর্ক করার দাবি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত