
টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দাদের নির্মাণ করা প্রায় ৬০ হাত দীর্ঘ একটি টিনের ঘর ভেঙে দিয়েছে বন বিভাগ। আজ রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হলুদিয়া চালা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘরটি যে জমিতে নির্মাণ করা হয়েছিল, তা ১৯৬২ সালের রেকর্ড অব রাইটস (আরওআর) রেকর্ডভুক্ত এবং রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তাঁরা মালিকানা পেয়েছেন। তবে বন বিভাগের দাবি, উপজেলার বগা মৌজার সিএস খতিয়ানের ৪৫ নম্বর দাগের ওই জমি সংরক্ষিত বনভূমির অন্তর্ভুক্ত।
আটিয়া বন-১৯৮২ অধ্যাদেশকে কেন্দ্র করে সখীপুরের বিভিন্ন বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের মধ্যে এমন পাল্টাপাল্টি দাবি চলে আসছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনাও রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, সখীপুর-বহেড়াতৈল সড়কের হলুদিয়া চালা বাজারের ওই জমিতে আগে দুটি পুরোনো দোকানঘর ছিল। সেখানে স্থানীয় বাসিন্দা শাহনাজ বেগম চায়ের দোকান চালাতেন। দোকানঘর দুটির অবস্থা নড়বড়ে হয়ে পড়ায় সম্প্রতি পুরোনো ঘর ভেঙে জমির মালিকেরা নতুন করে টিনের ঘর নির্মাণ করেন। তবে রোববার বন বিভাগ ওই ঘর সংরক্ষিত বনভূমিতে নির্মাণ করা হয়েছে দাবি করে তা ভেঙে দেয়।
জমির একাংশের মালিক আব্দুল আজিজ বলেন, ‘১৯৬২ সালের আরওআর রেকর্ডভুক্ত জমিটুকু আমরা ছয়জন মিলে কিনেছি। জমির মূল মালিকের নামে রেজিস্ট্রি দলিল রয়েছে। সপ্তাহখানেক আগে ওই জমিতে ঘর নির্মাণের সময়ও বন বিভাগ কোনো বাধা দেয়নি। কিন্তু আজ সকালে তারা কাউকে কিছু না জানিয়েই ঘরটি গুঁড়িয়ে দিয়েছে। এতে ওই ঘরের চা দোকানি শাহনাজ বেগমসহ আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’
চা দোকানি শাহনাজ বেগম বলেন, ‘ওই জায়গায় আমার পুরোনো চায়ের দোকান ছিল। দোকানটি দিয়ে বৃষ্টির পানি পড়ত। তাই ঘরটি মেরামত করেছি। চার সন্তান নিয়ে এই চায়ের দোকান করেই আমার সংসার চলে। আমার বাচ্চারা এখন কী খাবে? আমি এখন কী করব?’
তবে বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এমরান আলী বলেন, ‘ওই জমি স্পষ্টতই সংরক্ষিত বন বিভাগের। এটি উপজেলার বগা মৌজার সিএস দাগ নম্বর ৪৫-এর অন্তর্ভুক্ত। স্থানীয় কয়েকজন বাসিন্দা বন বিভাগকে না জানিয়ে রাতের আঁধারে সেখানে মার্কেট নির্মাণ করেছিল। খবর পেয়ে টাঙ্গাইলের সহকারী বন সংরক্ষক রানা দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে আমরা ওই ঘর উচ্ছেদ করেছি।’

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম। দুই সপ্তাহ আগে এক কেজির ইলিশ ২ হাজার ৫০০ টাকা থাকলেও এখন ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম কমছে না। মৎস্য বিভাগ বলছে, এবার জেলেরা কম-বেশি ইলিশ পেয়েছেন এবং মা ইলিশকে...
২ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জোরদার করা ও সচেতনতা তৈরিতে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে...
৩ মিনিট আগে
পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।
৭ মিনিট আগে
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কোনো একসময় দুর্বৃত্তরা শহরের কার্যালয়টির প্রবেশপথের কেচিগেটে এ অগ্নিসংযোগ করে। সকালে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হন...
১১ মিনিট আগে