
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত মোকাররম সর্দার এবার পশুর হাট ইজারা নিয়ে আলোচনায় এসেছেন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার একটি পশুর হাট মাত্র সোয়া এক কোটি টাকায় বাগিয়ে নিয়েছেন তিনি। অথচ গতবার এই হাটের ইজারামূল্য ছিল পৌনে চার কোটি টাকার বেশি। অর্থাৎ এবার সরকার আড়াই কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে।
কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের (ইউপি) অপসারিত চেয়ারম্যান মোকাররম সর্দার। ২০২৪ সালের ২১ মের নির্বাচনে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অভিযোগ রয়েছে, সাবেক ডিবিপ্রধান হারুন কিশোরগঞ্জ জেলা পুলিশকে ব্যবহার করে নির্বাচনে প্রভাব খাটিয়ে তাঁকে জিতিয়ে আনেন। নির্বাচনের সময় অভিযোগটি ছিল ওপেন সিক্রেট একটি বিষয়। চব্বিশের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বেকায়দায় পড়েন মোকাররম সর্দার। গ্রেপ্তারও হন তিনি। কিন্তু অদৃশ্য কারণে পরে গারদ থেকে ছাড়াও পেয়ে যান তিনি।
জেলার সবচেয়ে বড় পশুর হাট নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের গুপি রায়ের হাট। গতবার হাটটির ইজারামূল্য ছিল ৩ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।
এবার মোকাররম সর্দার হাটটির ইজারা নিয়েছেন এক কোটি ২৫ লাখ টাকায়। মোকাররম সর্দার কীভাবে গতবারের তুলনায় অনেক কম টাকায় এবার ইজারা পেলেন, তা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালী মহলের সহায়তায় হাটের প্রকৃত সম্ভাব্য আয় গোপন করে পৌনে চার কোটি টাকার হাটের ইজারা এবার সোয়া এক কোটি টাকায় পেয়ে গেছেন মোকাররম সর্দার। এমনকি তিনবার ইজারার জন্য বিজ্ঞপ্তি দেওয়ার বিধান থাকার পরেও প্রথম বিজ্ঞপ্তিতেই ইজারাদার নির্বাচিত করা হয়েছে।
নিকলী রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক খাইরুল মোমেন স্বপন বলেন, ‘যে হাটের ইজারামূল্য গত বছর প্রায় পৌনে চার কোটি টাকা ছিল, সেটা এবার মাত্র সোয়া এক কোটি টাকায় কীভাবে ইজারা দেওয়া হয়? প্রতি বুধবার হাটে দূরদূরান্ত থেকে মানুষ আসে, বেচাকেনা দিন দিন বাড়ছে। তাহলে সরকারি রাজস্ব এক বছরে আড়াই কোটি টাকা কমে গেল কীভাবে? নিয়ম অনুযায়ী তিনবার বিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ থাকলেও প্রথম বিজ্ঞপ্তিতেই তড়িঘড়ি করে এত কম দামে হাটটি ছেড়ে দেওয়া হলো। পটপরিবর্তন হলেও ক্ষমতার জোর খাটিয়ে প্রভাবশালীরাই সব নিয়ন্ত্রণ করছে। সরকারের এই বিশাল রাজস্ব ক্ষতির পেছনে কী রহস্য আছে, আমরা তার সুষ্ঠু তদন্ত চাই।’
জানতে চাইলে ইজারাদার মোকাররম সর্দার বলেন, ‘আমি হিসাব-নিকাশ করে হাটটি ইজারা নিতে ১ কোটি ২৫ লাখ টাকা ডাক দিয়েছি। সেটি সর্বোচ্চ দর হওয়ায় নিয়ম অনুযায়ী আমি হাটটির ইজারা পেয়েছি। এ নিয়ে আমার আর কোনো বক্তব্য নাই।’
এ ব্যাপারে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বলেন, ‘বিধি অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া হয়েছে। বিগত বছরগুলোতে ইজারামূল্য ছিল মাত্র ২৫ লাখ টাকা। গত বছরেরটা ব্যতিক্রম ছিল। এত টাকায় ইজারা নিতে কেউ আগ্রহী হননি। এবার সর্বোচ্চ দরদাতাকে পাওয়ায় তাঁকেই ইজারা দেওয়া হয়েছে। কেউ যদি সর্বোচ্চ দর দেন, তাঁকে দিতেই হয়। সর্বোচ্চ দরদাতার সব যোগ্যতা ছিল, সে ক্ষেত্রে তাঁকে বাদ দেওয়ার কোনো অপশন ছিল না। যদি যোগ্যতা না থাকত, কোনো একটা কারণে তাঁকে বাদ দিতে পারতাম, তাহলে আমরা পুনরায় টেন্ডার দিতে পারতাম।’

চট্টগ্রামে বড়দের বিরোধের জেরে গত সাড়ে চার মাসে ছয় শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। পারিবারিক ও দুপক্ষের সংঘাতের মাঝখানে পড়ে এসব শিশু নিহত হয় বলে জানা গেছে। তবে এসব হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি ধীরগতির হওয়ায় হতাশা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
৪ ঘণ্টা আগে
খুলনায় প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট নানা কারণে সারা বছরই স্থায়ী-অস্থায়ী জলাবদ্ধতার শিকার হচ্ছে ফসলের খেত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক জরিপে এই জলাবদ্ধতার পেছনে ১৫টি কারণ উঠে এসেছে। ওই প্রতিবেদনে জেলার আটটি উপজেলায় বছরে ১০ হাজার হেক্টর আবাদি জমি জলাবদ্ধতার কবলে পড়ে বলে উল্লেখ করা হয়।
৫ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনের কাছে মোবারকপুর রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত তিন বছরে ওই ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রায় পাঁচজনের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজনই ছিলেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং একজন ধান ব্যবসায়ী।
৫ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে ৫ মাস ধরে যক্ষ্মা প্রতিরোধের বিসিজি ও ওপিভির (পোলিও) টিকা মিলছে না; পাশাপাশি পেন্টা ও পিসিভি টিকারও সংকট রয়েছে। হামজনিত শিশুমৃত্যুর ঘটনায় যখন দেশজুড়ে উদ্বেগ বাড়ছে, তখন এসব টিকা না পেয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকেরা। তাঁরা দ্রুত সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে