Ajker Patrika

প্রধানমন্ত্রী সাংবাদিকদের লেখার ফ্রিডম দিয়েছেন: হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী সাংবাদিকদের লেখার ফ্রিডম দিয়েছেন: হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতিরা। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। আজ শনিবার দুপুরে শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে আয়োজিত শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।

মিয়া নুরুদ্দিন বলেন, জাতি যখন বারবার হোঁচট খায়, জাতি যখন বারবার পথ হারায়, তখন সাংবাদিক বন্ধুরা জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এগিয়ে আসেন। জাতি যখন সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তখন জাতিকে ব্যালেন্স করার জন্য, পথহারা জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সঠিক দায়িত্ব পালন করে থাকে সাংবাদিকসমাজ।

হুইপ অপু বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা টিকিয়ে রাখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। তিনি সাংবাদিকদের দশম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা বাস্তবায়নের দাবি জানান এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি শরীয়তপুরের উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার ও শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু।

এ ছাড়া জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত