
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স সল্ট কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আলা উদ্দিন জানান, বেলা ১১টার দিকে বিস্ফোরণে দগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহত শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিস্ফোরণে তাঁরা দগ্ধ হন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকেরা হলেন—দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।
এ ছাড়া দগ্ধ আহসানুল হক (৪৫) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক ফারজানা।
কারখানার ম্যানেজার (অ্যাডমিন) মো. বোরহানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার মোহাম্মদ আজাহার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হলেও পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে আসেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা ঠিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল বুধবার সকাল থেকে টহল অব্যাহত রেখেছে।
৫ মিনিট আগে
জুলাই শহীদ দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের গণ-আন্দোলনে নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
১০ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় খালের পানিতে ডুবে চার মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল তিনে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
২২ মিনিট আগে