
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা ও পর্যটনব্যবস্থার উন্নয়ন করা গেলে মানুষ-হাতির সংঘাত কমার পাশাপাশি অবৈধভাবে বন দখলও বন্ধ হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
আজ শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে হাতি চলাচলের জন্য ছয়টি করিডোর তৈরির বিষয়ে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে আমাদের চেয়েও বেশি চিন্তা করেন। এ কারণেই আমরা এখানে এসেছি। শেরপুরের গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও বন বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে অবৈধভাবে বন দখলও বন্ধ হবে।’
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য লরেন্স দ্রং।
সভা শেষে হাতির আক্রমণে হতাহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ১৬ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন বনমন্ত্রী। এ ছাড়া ৩২টি এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের মধ্যে জগলাইটসহ হাতি তাড়ানোর বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়। এর আগে মন্ত্রী গারো পাহাড়ে হাতি চলাচলের করিডোর পরিদর্শন করেন।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপুকে ঢাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার বিকেলে ঢাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
৩ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সানাউল্লাহ নূর বাবুর ১৬তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে মঞ্চ ও চেয়ার বসানো হয়। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির অভিযোগ করেন যাত্রী ও পথচারীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাঁদের আটক করে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি)-এর ভবানীপুর বিওপির একটি টহল দল।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. বাচ্চু মিয়া (৩৬) ও বন্যা আক্তার (৩৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে