Ajker Patrika

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুনের ঘটনায় মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১১: ০৭
সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুনের ঘটনায় মামলা
সীতাকুণ্ড থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. নাঈম (৩০) নামে এক যুবককে নির্মমভাবে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে নিহতের পরিবার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করে। নিহত নাঈম সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল এলাকার মো. খোকনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাটেরখীল এলাকার ইরান নামে এক ব্যক্তির কিছু ইয়াবা বড়ি হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাঈমকে সন্দেহ করা হয়। অভিযোগে বলা হয়, এ ঘটনার জেরে ২০ জুলাই রাতে ইরান ও তাঁর সহযোগীরা নাঈমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পরে গ্রামের একটি রাস্তার পাশে নিয়ে তাঁকে মারধর ও নির্যাতন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাঁর হাত-পায়ের নখ ও শরীরের চামড়া তুলে নেওয়ার অভিযোগ করা হয়। গুরুতর আহত অবস্থায় পরে নাঈমকে তাঁর বাড়ির সামনে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

গভীর রাতে নাঈমের গোঙানির শব্দ শুনে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।

নিহতের বাবা মো. খোকন অভিযোগ করে বলেন, ‘দক্ষিণ ভাটেরখীল গ্রামের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইরানের কিছু ইয়াবা হারিয়ে গেলে নিজেদের মধ্যে ঝামেলা হয়। কিন্তু সেই ইস্যুকে কেন্দ্র করে আমরা বাড়িতে না থাকা অবস্থায় সে ঘরে এসে আমার ছেলে নাঈমকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। তাঁদের আঘাতের পর ৫ দিন চিকিৎসাধীন থেকে নাঈম মারা গেছে। এ ঘটনায় শনিবার (গতকাল) আমরা থানায় মামলা করেছি।’ তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে আগেরও হত্যা মামলা রয়েছে। সে মামলাগুলোতে শাস্তি না হওয়ায় ইরান বারবার খুন করছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

মামলার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘হত্যার ঘটনায় শনিবার রাতে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত