Ajker Patrika

ফেসবুক-টিকটকে ভিউয়ের নেশায় মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে স্টান্টবাজি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২১: ৩৫
ফেসবুক-টিকটকে ভিউয়ের নেশায় মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে স্টান্টবাজি
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে তরুণের জীবনের ঝুঁকি নিয়ে স্ট্যান্টবাজি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে মোটরসাইকেল নিয়ে হুইলিং, রেসিং ও চলন্ত অবস্থায় ভিডিও ধারণ করছেন একদল উঠতি বয়সী তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও লাইক পাওয়ার আশায় তাঁদের এই স্টান্টবাজিতে দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। ঝুঁকিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চলা এ প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়েছে। বিশেষ করে প্রতি শুক্র-শনিবার ও অন্যান্য ছুটির দিনে বিকেলে এসব কর্মকাণ্ড বেশি দেখা যায়।

মহাসড়কে মোটরসাইকেলের সামনের চাকা তুলে হুইলিং, দ্রুতগতিতে রেসিং এবং পাশাপাশি একাধিক মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করছেন তরুণেরা। স্থানীয় ও আশপাশের এলাকার উঠতি বয়সী তরুণেরা এসব ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

স্টান্টবাজির দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতাও রয়েছে। কেউ মোটরসাইকেল চালানোর সময় ভিডিও ধারণ করছেন, আবার কেউ সড়কের পাশে দাঁড়িয়ে ভিডিও করছেন। পরে এসব ভিডিও ফেসবুক ও টিকটকে প্রকাশ করা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও করছেন অনেকে।

স্টান্টবাজির সময় মহাসড়কে স্বাভাবিক যান চলাচল অব্যাহত থাকে। মোটরসাইকেলচালকদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকির পাশাপাশি বিপরীত ও একই পথে চলাচলকারী যানবাহনের যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সড়কের পাশে উৎসুক তরুণদের জটলাও পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

স্থানীয় বাসিন্দা মো. করিম বলেন, ‘এসব কর্মকাণ্ডের কারণে শিশু ও সাধারণ পথচারীরা ঝুঁকিতে রয়েছেন। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।’

ফটিকছড়ি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দৌলত মিয়া বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ স্টান্টবাজি বন্ধে প্রশাসন ও হাইওয়ে পুলিশকে আরও কঠোর হতে হবে। কয়েকটি ভিউ ও লাইক পাওয়ার আশায় জীবনের ঝুঁকি নিয়ে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি তরুণদের সচেতন করা এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি।’

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে তরুণের জীবনের ঝুঁকি নিয়ে স্ট্যান্টবাজি। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে তরুণের জীবনের ঝুঁকি নিয়ে স্ট্যান্টবাজি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও পরিবহন নেতা মো. শাহজাহান বলেন, ‘মহাসড়কে বাইকারদের ঝুঁকিপূর্ণ স্টান্টবাজি ও বেপরোয়া চালনা বন্ধে কঠোর আইন প্রয়োগ জরুরি। এ ধরনের কর্মকাণ্ডে শুধু চালক নন, অন্য যানবাহনের যাত্রী ও পথচারীরাও দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন। তাই হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে নিয়মিত নজরদারি বাড়িয়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মো. শামছুজ্জামান বলেন, ‘মহাসড়কে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। উঠতি বয়সের কিছু তরুণ অভিভাবকদের অগোচরে সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এ ধরনের স্টান্ট করছেন। এ ধরনের কর্মকাণ্ড মোটেও সমীচীন নয়। দুর্ঘটনা এড়াতে অভিভাবকদেরও তাঁদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানো প্রয়োজন।’

মো. শামছুজ্জামান জানান, মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্টান্টবাজি বন্ধে অভিযান পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত