Ajker Patrika

‘মুঠোফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে’, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৮: ২৩
‘মুঠোফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে’, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর
দুই সন্তানকে নিয়ে আদালত প্রাঙ্গণে এসপি জাহাঙ্গীরের স্ত্রী মাসুমা আক্তার। ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। তিনি বলেছেন, ‘আমার স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং তিনি নির্দোষ।’

আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফার আদালতে জাহাঙ্গীরের রিমান্ড শুনানি শেষে তাঁকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মাসুমা আক্তার। এ সময় স্বামীকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে দাবি করে ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি। বাবাকে একনজর দেখতে আদালত প্রাঙ্গণে মায়ের সঙ্গে এসেছিল তাঁদের দুই সন্তানও।

মাসুমা আক্তার বলেন, ‘আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে। আপনারা তদন্ত করে দেখেন, আসলে কী ঘটনা। তাঁর মুঠোফোন হ্যাক করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।’

স্বামীর রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে মাসুমা জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার নির্দেশে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা তাঁর স্বামী বলেননি। জাহাঙ্গীর আলমের শিক্ষাজীবন ও কর্মজীবনের তথ্য যাচাই করারও আহ্বান জানান তিনি।

পারিবারিক অবস্থার কথা তুলে ধরে মাসুমা বলেন, ‘আমার স্বামী একজন কৃষকের সন্তান। একসময় আমার শ্বশুরের আয়ে পরিবারের ১২ সদস্যের সংসার চলত। বর্তমানে জাহাঙ্গীর আলমের উপার্জনের ওপরই পরিবারের সদস্যরা নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও আমার স্বামী কোনো বিশেষ সুবিধা পাননি।’

এদিকে আজ বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মহানগর হাকিম চতুর্থ আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তফা তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শনিবার রাতে নগরের পাঁচলাইশ থানার পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়।

পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আদান-প্রদানের সঙ্গে জড়িত ছিলেন জাহাঙ্গীর আলম। তাঁর মোবাইল ফোনে পাওয়া কিছু বার্তার ভিত্তিতে এ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদপাশা গ্রামে। তিনি মো. জিন্নাত আলীর ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত