
বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শীলা আক্তার (৩৫) আগৈলঝাড়া উপজেলার ৪ নম্বর গৈলা মডেল ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য ছিলেন। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার সেরাল গ্রামের একটি ভাড়া বাসায় শীলা আক্তারের সঙ্গে তাঁর স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতের পারিবারিক কলহ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শীলাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
পরবর্তী সময়ে শীলা আক্তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। চিৎকার ও অস্বাভাবিক শব্দ পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে স্থানীয় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. মাহামুদুল হাসান রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে দেখে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। রাতে শেবাচিম হাসপাতালে পৌঁছালে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শীলা আক্তার তিন কন্যা সন্তানের জননী ছিলেন। তাঁর স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। শীলা আক্তার ছিলেন মারুফের দ্বিতীয় স্ত্রী।
ঘটনাটিকে কেন্দ্র করে শীলার পরিবার শারীরিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছে।
শীলার বাবা আব্দুস সালাম হাওলাদার জানান, প্রায় এক বছর আগে মারুফ সেরনিয়াবাতের সঙ্গে শীলার বিয়ে হয়। তিনি বলেন, ‘বিয়ের পর থেকে সেরাল গ্রামের ভাড়া বাসায় তারা থাকত। বিয়ের পর থেকেই অহেতুক নানা কারণে আমার মেয়েকে তার স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।’
শীলার মা ফাতেমা বেগম অভিযোগ করেন, ‘ঘটনার দিন বিকেলে বাসায় বসেই মারুফ আমার মেয়েকে অমানুষিক নির্যাতন করে। সেই নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়েই শীলা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়।’
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতের সেলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রিপোর্ট এলে সে অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। যিনি তাদের নির্যাতন করছিলেন তাঁকে ওই সময় ছুরিকাঘাত করা হয়েছে। পরে দুই তরুণকে পুলিশে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে নগরের বোয়ালিয়া থানায় ওই দুই তরুণসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
৪ মিনিট আগে
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ মিনিট আগে
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া (৩৩) গোয়াতলা বন্দর এলাকার আব্দুছ ছালামের ছেলে।
১৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে