Ajker Patrika

কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল

• মাত্র তিন বছর আগে পাউবোর প্রকল্পে খালটি খনন করা হয়েছিল।

• খালের পানি গোসল ও গৃহস্থালির কাজে ব্যবহার করেন স্থানীয়রা।

• খাল ভরাট হলে পানির উৎস বন্ধ ও জলাবদ্ধতার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা।

• পলি উপচে খালে পড়ার বিষয়টি জানা ছিল না বলে দাবি পাউবোর।

খান রফিক, বরিশাল
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
কীর্তনখোলা নদী খনন করে তীরে ফেলা হচ্ছে কাদামাটি। সেই মাটি গড়িয়ে ভরাট হতে চলেছে সাগরদী খাল। খালটি ভরাট হলে পানির উৎস বন্ধ হওয়ার পাশাপাশি এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন বাসিন্দারা। সম্প্রতি বরিশাল নগরীর জিয়ানগর এলাকায়। ছবি: আজকের পত্রিকা

কীর্তনখোলা নদী খননের পলিতে ভরাট হচ্ছে বরিশাল নগরীর সাগরদী খালের বড় অংশ। মাত্র তিন বছর আগে খনন করা এ খালটি স্থানীয়দের গোসল, গৃহস্থালির কাজ ও বৃষ্টির পানি নিষ্কাশনের অন্যতম ভরসা। পলি জমে খালটি হারিয়ে গেলে পানির উৎস বন্ধ হওয়ার পাশাপাশি এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন বাসিন্দারা। অথচ পলি উপচে খাল ভরাট হওয়ার বিষয়টি জানতেন না বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)।

জানা গেছে, খালের অদূরে কীর্তনখোলা নদীর নাব্যতা সংরক্ষণে খননকাজ চলছে। কমপক্ষে ১৫ দিন আগে খননকাজ শুরু হয়। খনন করা পলি তীরে ফেলায় তা গড়িয়ে সংলগ্ন খালে পড়ছে। পাউবোর কাছ থেকে অনুমতি নিয়েই বিআইডব্লিউটিএ সেখানে বালু ফেলছে।

স্থানীয়রা জানান, সাগরদী খালটি ধান গবেষণা সড়কের জিয়ানগর এলাকার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বরিশাল-কুয়াকাটা সড়কের দপদপিয়া সেতু এলাকায় পৌঁছে কীর্তনখোলার সঙ্গে মিশে ছিল। বহু বছর আগে ত্রিশ গোডাউন এলাকায় কীর্তনখোলার সঙ্গে সাগরদী খালের আরেকটি উৎসমুখের সৃষ্টি হয়। এরপরই খ্রিষ্টান কলোনি এলাকায় বাঁধ দিয়ে জিয়ানগর এলাকামুখী চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়। তবে সেখান থেকে দপদপিয়া সেতু পর্যন্ত দুই কিলোমিটার এখনো খাল বিদ্যমান। দুই কিলোমিটারের এই অংশে জোয়ার-ভাটা হয়। স্থানীয়রা গোসলসহ গৃহস্থালির কাজে খালের পানি ব্যবহার করেন।

বাসিন্দারা জানান, কীর্তনখোলা নদী রক্ষায় সেতু এলাকায় বিআইডব্লিউটিএর খননকাজ চলছে। খনন শুরুর আগে উত্তোলিত পলি রাখার জন্য পাউবোর কাছে নিচু ও খালি জমির তালিকা চায় বিআইডব্লিউটিএ। পাউবো থেকে পরে কয়েকটি স্থানের তালিকা দেওয়া হয়েছিল। বিআইডব্লিউটিএর চরবাড়ি খ্রিষ্টানপাড়াসংলগ্ন একটি নিচু স্থান বেছে নিয়ে সেখানে পলি ফেলা শুরু করেছে। পানির সঙ্গে পলি ওই স্থানসংলগ্ন খালে গড়িয়ে পড়ায় খালটির বিভিন্ন অংশ ভরাট হয়ে চরের মতো জেগে উঠেছে।

খালপাড়ের প্রবীণ বাসিন্দা নুরুল হক মিঞা বলেন, ‘খালটি ভরাট হয়ে যাওয়া আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়। ২০২৪ সালে আমাদের বাড়ির সামনের রাস্তা ভেঙে যাওয়ার পর খালটি খনন করা হয়েছিল। এরপর খালে ভালো পানি থাকত। খরা মৌসুমে নিজের ছোট সবজির বাগানে পানি দিতে সুবিধা হতো। এই খাল দিয়েই পুরো জিয়ানগর এলাকার বৃষ্টির পানি নেমে যায়। অনেক বাসিন্দা খালের পানির ওপর নির্ভরশীল। এভাবে খাল ভরাট হয়ে গেলে বৃষ্টির পানি নামার জায়গা থাকবে না। এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে। পাশাপাশি বাড়িঘরের ব্যবহৃত পানিও নিষ্কাশনের পথ হারাবে।’

আরেক বাসিন্দা ফাইজুল ইসলাম বলেন, এই খালটি তাঁদের কাছে আবেগের জায়গা। ছোটবেলা থেকেই খালটি দেখে বড় হয়েছেন। একসময় নৌকা চলত, মানুষ গোসল করত, দৈনন্দিন নানা কাজে খালের পানি ব্যবহার করত। বর্তমানে আগের মতো ব্যবহার না থাকলেও নিয়মিত জোয়ার-ভাটা হয়। এলাকার পানি নিষ্কাশনে খালটির গুরুত্ব রয়েছে। খালটি ভরাট হয়ে গেলে এলাকার মানুষের ভোগান্তি বাড়বে।

এ বিষয়ে বরিশাল পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, নদী খননের পলি ফেলার জন্য সম্প্রতি বিআইডব্লিউটিএ তাঁদের কাছে নিচু ও খালি জমির তালিকা চেয়েছিল। তালিকায় চরবাড়ি খ্রিষ্টানপাড়ার পাশের জায়গাটিও রয়েছে। তবে সেখানে রাখা পলি উপচে পড়ে খাল ভরাট হওয়ার বিষয়টি তাঁর জানা ছিল না। স্থানীয়দের কাছ থেকে জানার পর বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন।

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ জানান, নদীর পুরো অংশ খনন নয়, সাইলোতে জাহাজ নোঙরের পথ স্বাভাবিক রাখতে ওই অংশটি খনন করা হচ্ছে। খননের পলি রাখার জন্য পাউবোর দেওয়া নিচু ও খালি জমি ব্যবহার করা হচ্ছে। ওই জায়গা থেকে অতিরিক্ত পানি বের হওয়ার জন্য পাইপ দেওয়া আছে। পাইপটি নিচু অবস্থানে থাকায় পানির সঙ্গে পলি খালে চলে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত