
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাউজান উপজেলা বিএনপির নেতারা। তাঁদের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা, যার উদ্দেশ্য ছিল তাঁকে হত্যা করা।
বুধবার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনে উত্তর জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌরসভা বিএনপির একাংশের নেতারা এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের অন্য কোনো কর্মসূচি ছিল না। প্রয়াত নেতা মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলাম। পথে গিয়াস উদ্দিন কাদের সমর্থিত ৭০-৮০ সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।’ তিনি বলেন, হামলার একপর্যায়ে গোলাম আকবর খোন্দকারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ভাগ্যক্রমে গুলিটি সরাসরি না লাগায় তিনি বেঁচে যান। এটি ছিল পূর্বপরিকল্পিতভাবে তাঁকে হত্যার উদ্দেশ্য।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের আর কোনো কর্মসূচি ছিল না। আমরা যাচ্ছিলাম প্রয়াত নেতা মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে। কিন্তু এতে বাধা দিয়েছেন গিয়াস উদ্দিন কাদের সমর্থিত কিছু সন্ত্রাসী।’
ঝামেলার আশঙ্কার কথা আগেই প্রশাসনকে জানানো হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘আমরা কিছু ঝামেলা হওয়ার কথা জানতে পেরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, এ ধরনের কোনো শঙ্কা থাকলে সেটা তারা মোকাবিলা করবে। আমরা যেতে পারব। প্রশাসন আশ্বস্ত করেছিল বলেই আমরা সেখানে গিয়েছিলাম।’
জসিম বলেন, ‘গোলাম আকবর খোন্দকার রাউজানে চলাচল করলেই তারা শঙ্কিত হয়ে যায়। গোলাম আকবর খোন্দকারের জনপ্রিয়তা দেখে তারা শঙ্কিত। তাকে প্রতিহত করার জন্য তারা এ ধরনের কাজ করছে। কালকে (মঙ্গলবার) তো শেষমেশ গুলিই করল। ভাগ্যক্রমে একটুর জন্য লাগেনি। না হয়, উনি ঘটনাস্থলেই মারা যেতেন। এটা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল।’
মামলার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো মামলা করিনি। মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব মামলার চেষ্টা করছি। প্রশাসনও কোনো গ্রেপ্তারের কাজ শুরু করেনি।’ তবে কেন্দ্র থেকে মামলা না করার বিষয়ে কোনো চাপ নেই বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, গিয়াস কাদের সমর্থিত সন্ত্রাসীরা এর আগে রাউজানে অন্তত ১৫ জনকে হত্যা করেছে। চাঁদাবাজি, জমি দখল, বালু মহাল ও মাটি কাটার মতো অপরাধে তারা এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সত্তারঘাট এলাকায় বিএনপির দুপক্ষে সংঘর্ষ হয়। এতে গোলাম আকবর খোন্দকারসহ অনেক নেতা-কর্মী আহত হয়েছেন।
সংঘর্ষের পর সন্ধ্যায় কেন্দ্র থেকে গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বাধীন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদে স্থগিতাদেশ দেয় বিএনপি।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে