
চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিলক শীল (৪০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চক্রশালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বোরকা পরিহিত একজনসহ তিন ব্যক্তি চক্রশালা এলাকার সড়কের পাশে সন্দেহজনকভাবে অবস্থান করছিল। এ সময় পঙ্কজ শীল ও তিলক শীল তাঁদের পরিচয় জানতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে পঙ্কজ শীল ও তিলক শীলকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনার পর স্থানীয়রা বোরকা পরিহিত এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক ব্যক্তির বাড়ি গাইবান্ধা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে পঙ্কজ শীলের মৃত্যু হয়। আহত তিলক শীলের অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস বলেন, ‘রাতে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের পরিচয় জানতে চাইলে হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং একজন গুরুতর আহত হন।’
স্থানীয়দের দাবি, হামলার পর তিনজনের মধ্যে দুজন পালিয়ে যায়, তবে একজনকে আটক করা সম্ভব হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার খড়মপুরের একটি মাজার প্রাঙ্গণে এ আয়োজনের পর তিনি সৌদি আরবের জার্সি গায়ে দিয়ে আনন্দ মিছিল করেন।
৪৪ মিনিট আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে