Ajker Patrika

গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫১
গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪
দুর্ঘটনার শিকার বাস। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে মহাসড়কের তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন প্রাইভেট কারের যাত্রী মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) ও প্রাইভেট কারের চালক মো. সোহেল (৩০)। তাঁদের সবার বাড়ি রাজধানীর গেন্ডারিয়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী নিউ বলেশ্বর পরিবহন লিমিটেডের একটি বাস তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় পৌঁছালে একটি কালো রঙের প্রাইভেট কার ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। এ সময় বাসের সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষ হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গিয়ে এর আরোহীরা ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করেন। পরে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক মো. সোহেল ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সজল চন্দ্র সরকার জানান, হাসপাতালে আনা রোগীদের মধ্যে দুই নারী ও দুই পুরুষকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাইভেট কারের পাঁচ আরোহীর মধ্যে চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত বাসের চার যাত্রীর আঘাত গুরুতর নয়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে বাসটি উল্টে থাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত