এসএসসির ফরম পূরণে চার গুণ টাকা আদায়, প্রধান শিক্ষককে শোকজ

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে প্রধান শিক্ষক সমীর বসুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা দ্রুত অভিভাবকদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
গতকাল সোমবার এ বিষয়ে সংবাদ প্রকাশের পরই প্রধান শিক্ষককে অতিরিক্ত অর্থ ফেরতের মৌখিক নির্দেশ দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। পাশাপাশি কেন অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে, তার ব্যাখ্যা চেয়ে তাঁকে শোকজ করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও সতর্ক করা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, বোর্ড নির্ধারিত ফির বাইরে কোনো অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে মনিটরিংয়ের কথা জানিয়েছে জেলা প্রশাসন। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এর আগে রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ২ হাজার ৪৩৫ টাকার বিপরীতে শিক্ষার্থীপ্রতি ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ ওঠে। এর মধ্যে ৫ হাজার টাকা জামানত হিসেবে নেওয়া হচ্ছিল। অভিযোগ রয়েছে, জামানতের বিপরীতে কোনো রসিদ কিংবা টাকা ফেরতের লিখিত নিশ্চয়তা না দেওয়ায় আর্থিক অনিশ্চয়তায় পড়েন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এ বিষয়ে প্রধান শিক্ষক সমীর বসু অতিরিক্ত অর্থ নেওয়ার কথা স্বীকার করে জানিয়েছিলেন, ফরম পূরণ বাবদ ২ হাজার ৫০০ টাকা, কোচিংয়ের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং জামানত হিসেবে ৫ হাজার টাকা নেওয়া হচ্ছে। পরীক্ষায় পাস করলে জামানতের টাকা ফেরত দেওয়া হবে বলেও তিনি দাবি করেন। এ সিদ্ধান্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বলে উল্লেখ করেন তিনি। তবে কমিটির সভাপতি মাহফুজুর রহমান ফরহাদ জামানত আদায়ের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছিলেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, শুধু শোকজ বা অর্থ ফেরতের নির্দেশ দিয়েই যেন বিষয়টির নিষ্পত্তি না হয়। আদায় করা সম্পূর্ণ অতিরিক্ত অর্থ ফেরত নিশ্চিত করার পাশাপাশি জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।










