২০২৬ সালের এপ্রিল মাসের উত্তাল দিনগুলোতে বিশ্বরাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ করা গেছে। দীর্ঘ পাঁচ সপ্তাহের ভয়াবহ সংঘাতের পর যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে হঠাৎ ‘শান্তির দূত’ হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। ৮ এপ্রিল ঘোষিত দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বিশেষ করে দেশটির ‘ফিল্ড মার্শাল’ আসিম মুনিরের দূরদর্শী কূটনীতির ফসল।
ইরান ও আমেরিকার মধ্যকার দীর্ঘস্থায়ী বৈরিতা নিরসনে তুরস্ক বা মিসরের মতো দেশগুলো ওয়াশিংটনের বেশি ঘনিষ্ঠ হওয়ায় তেহরানের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। অন্যদিকে পাকিস্তান ৫০ বছর ধরে ওয়াশিংটনে ইরানের স্বার্থ দেখাশোনা করছে। এ ছাড়া ইরানের সঙ্গে পাকিস্তানের ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং সাম্প্রতিক সময়ে আসিম মুনিরের মাধ্যমে ইরানের রেভল্যুশনারি গার্ডের সঙ্গে গড়ে ওঠা যোগাযোগ এই আস্থার ভিত তৈরি করেছে।
শুধু তা-ই নয়, ২০১৮ সালে ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে ‘মিথ্যা ও প্রতারণার’ অভিযোগ তুললেও বর্তমানে পাকিস্তানি জেনারেলদের সঙ্গে তাঁর সম্পর্ক আমূল বদলে গেছে। আসিম মুনিরকে ট্রাম্প তাঁর ‘প্রিয় ফিল্ড মার্শাল’ হিসেবে অভিহিত করেছেন। পাকিস্তান অত্যন্ত সুকৌশলে ট্রাম্পের আস্থা অর্জন করেছে। গত বছর ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। পাকিস্তানকে ক্রিপ্টোকারেন্সি এবং খনিজ সম্পদের হাব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যবসায়িক স্বার্থের সঙ্গে যুক্ত হয়েছে।
কয়েক সপ্তাহ ধরে আসিম মুনির সরাসরি ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান করেছে এবং হোয়াইট হাউসকে ইরানের কৌশলগত চিন্তাধারা বুঝতে সাহায্য করেছে।
তবে এই মধ্যস্থতার পথ পাকিস্তানের জন্য নিষ্কণ্টক ছিল না। ইরানের সঙ্গে পাকিস্তানের মাখামাখিতে ক্ষুব্ধ হয়ে সংযুক্ত আরব আমিরাত ৪ এপ্রিল পাকিস্তানের সাড়ে ৩ বিলিয়ন ডলারের ঋণ আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে, যা দেশটিকে চরম অর্থনৈতিক চাপের মুখে ফেলেছে। তা সত্ত্বেও তেলের আকাশচুম্বী দামের কারণে পাকিস্তানের নিজস্ব অর্থনীতি ধ্বংসের মুখে থাকায় যুদ্ধ থামানোই ছিল ইসলামাবাদের প্রধান লক্ষ্য।
পাকিস্তানের প্রস্তাবিত ‘দুই ধাপের শান্তি প্রক্রিয়া’ অনুযায়ী, ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসবেন। সেখানে ইরানি প্রতিনিধি হিসেবে থাকবেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আর মার্কিন প্রতিনিধি ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
বন্যা, মুদ্রাস্ফীতি, ভারতের সঙ্গে আকাশযুদ্ধ এবং আফগান সীমান্তে তালেবানদের সঙ্গে লড়াইয়ের মতো হাজারো অভ্যন্তরীণ সংকটে জর্জরিত পাকিস্তান অবশেষে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ‘সেতুবন্ধনকারী’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির মতে, ‘উভয় পক্ষই এখন যুদ্ধ থামিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। সারা বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের বৈঠকের দিকে, যা হয়তো মধ্যপ্রাচ্যের এই ভয়ংকর যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটাতে পারে।

উপসাগরীয় দেশগুলোকে এখন প্রতিদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যে বসবাস করতে হবে। যুদ্ধের সময় তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এর ফলে এই দেশগুলো সরাসরি যুদ্ধের শিকারে পরিণত হয়।
২ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ার কৌশলগত অবস্থানে অবস্থিত পাকিস্তান ঐতিহাসিকভাবেই বিশ্ব ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। যুক্তরাষ্ট্র, চীন এবং মুসলিম বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের কারণে দেশটি বারবার জটিল আন্তর্জাতিক সংকটে মধ্যস্থতাকারী হিসেবে...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেই হরমুজ প্রণালি নিয়ে এক নজিরবিহীন ও বিতর্কিত প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান এখন এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী প্রতিটি তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ‘ট্রানজিট ফি’ বা টোল আদায়ের দাবি তুলছে।
৬ ঘণ্টা আগে
গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে দুই পক্ষের মধ্যে এখনো পাহাড়সম দূরত্ব ও গভীর মতভেদ রয়ে গেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচলের অধিকার এবং লেবাননে ইসরায়েলের যুদ্ধ—এই দুটি বিষয় সমাধানের ওপরই নির্ভর করছে আলোচনার ভবিষ্যৎ। আর এই আলোচনার ফলাফল আগামী কয়েক প্রজন্মের জন্য বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের
১ দিন আগে