বুদ্ধদেব বসুকে বাংলা সাহিত্যের অন্যতম একজন দিকপাল বলা যায়। গত শতাব্দীর ত্রিশের দশকে আধুনিক কবিতার প্রচার, প্রসারে তাঁর রয়েছে বিশাল অবদান। রবীন্দ্রনাথের পর নজরুল এবং ত্রিশের কবিরা নিজেদের ভাষা খুঁজে পেয়েছিলেন। এই তালিকায় সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, অমীয় চক্রবর্তী, বিষ্ণু দে, প্রেমেন্দ্র মিত্র, সমর সেন প্রমুখ ছিলেন। আর ছিলেন বুদ্ধদেব বসু।
সে সময় বুদ্ধদেব বসুরা ছিলেন নোয়াখালীতে। একে একে বাড়ি পরিবর্তন করে চতুর্থ যে বাড়িতে ঠাঁই হলো, তার নাম ছিল ‘ডেলনি হাউস’। আদি যুগে সম্ভবত কোনো পর্তুগিজের কুঠি ছিল এটি। অনেক কাঁচা বাড়ির ভিড়ে এটি ছিল পাকা বাড়ি। দুটো প্রকাণ্ড হলঘর। কমোড বসানো বাথরুম ছিল সে বাড়িতে।
সেই বাড়ির জানালা দিয়ে নদী দেখা যেত। প্রথম বর্ষা কেটে যাওয়ার পর দেখা গেল নদীটা এগিয়ে এসেছে বাড়ির আরও কাছে। দ্বিতীয় বর্ষার আগে আগে বাড়ির বড়রা বলছিল, এ বাড়িটায় আর থাকা যাবে না। ভাঙন এসে গিলে খাবে বাড়িটিকে। এ রকম একসময় দক্ষিণের ছোট ঘরে বসে একটা কবিতা লিখে ফেললেন বুদ্ধদেব।
সেটা ইংরেজিতে:
অ্যাড্যু, অ্যাড্যু, ডেলনি হাউস ডেয়ার
ইউ লিভ ইউ বিকজ দ্য সি ইজ নেয়ার
অ্যান্ড দ্য সি উইল সোয়ালো ইউ, উই ফেয়ার
অ্যাড্যু, অ্যাড্যু।
কেন তিনি ইংরেজিতে কবিতাটি লিখেছিলেন, সেটা নিজেও বুঝতে পারেননি। সে সময় বুদ্ধদেব বসুর বয়স নয়ের মতো। হেমচন্দ্র, নবীন, মধুসূদনদের কথা জানা ছিল তাঁর। তাঁরা যে মহাকবি, এ রকম কথাও তিনি শুনেছেন। তবে সে সময় ‘ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান জেমস অব ইংলিশ পোয়েট্রি’ নামের একটা বই তাঁর খুব প্রিয় ছিল। সেখানেই পড়েছিলেন ওয়ার্ডসওয়ার্থ, কুপার, টমাস গ্রের এলিজি। রবীন্দ্রনাথ তখনো পড়েননি বলে পাননি ভালো বাংলা কবিতার স্বাদ। এ কারণেই হয়তো ইংরেজিতে ডেলনি হাউসকে বিদায় জানিয়েছিলেন কবিতায়।
সূত্র: সমীর সেনগুপ্ত, বুদ্ধদেব বসুর জীবন, পৃষ্ঠা ৯

একাত্তরের জানুয়ারিতে ছুটি নিয়ে করাচি থেকে ঢাকায় এসেছিলেন পাকিস্তান বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ২৫ মার্চের কালরাতে তিনি ছিলেন নরসিংদীর পৈতৃক বাড়িতে। সে রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক গণহত্যা দেখে তিনি সিদ্ধান্ত নেন দেশের জন্য কিছু করার।
৫ দিন আগে
স্মৃতিচারণা করে ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ‘যতদূর মনে পড়ে তখন দুটো-আড়াইটা হবে। ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং পরিষদ ভবনসংলগ্ন এলাকা তখন ধোঁয়াচ্ছন্ন রণক্ষেত্র। মেডিকেল কলেজ হোস্টেলের ১নং রুম কন্ট্রোল রুমে পরিণত হয়। মাওলানা তর্কবাগীশ, ধীরেন দত্ত, শামসুদ্দীন ও কংগ্রেস পার্টির সদস্যরা পরিষদ বয়কট...
১০ দিন আগে
সাঈদ হায়দার স্মৃতিচারণা করেছেন এভাবে: ‘দুপুর গড়িয়ে বিকেল হলো, সংঘর্ষের তীব্রতা কমল না। প্রতিবাদমুখর ছাত্র-জনতাকে পুলিশ লাঠি চালিয়ে শান্ত করতে পারল না। তারা গুলি চালালো, গুলি চালালো মেডিকেল কলেজের ছাত্রাবাসের সামনের রাস্তায়। জব্বার আর রফিক প্রাণ হারালো।
১২ দিন আগে
মোহাম্মদ সুলতান ছিলেন ভাষা আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং একুশের প্রথম সংকলনের প্রকাশক। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিলাম যেকোনো মূল্যে ১৪৪ ধারা ভাঙতে হবে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা রাত ১টায় ফজলুল হক হল ও ঢাকা হলের মধ্যবর্তী সিঁড়িতে এক বৈঠকে মিলিত হই।
১৭ দিন আগে