আর একটু হলেই শেষ হয়ে যেত সুফিয়া কামালের পড়াশোনা! শায়েস্তাবাদের জুবিলি স্কুলে প্যারিলাল মাস্টার সবাইকে পড়াতেন। ভাইদের সঙ্গে আচকান পায়জামা পরে সুফিয়াও যেতেন পড়তে। কিন্তু প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার পর ভাইয়েরা তো চলে গেল বরিশাল জিলা স্কুলের বোর্ডিংয়ে। দমলেন না মা। তিনি মেয়েকে পুঁথি সাহিত্যের পাঠ দিতে লাগলেন। শায়েস্তাবাদের জমিদারবাড়িতে নারীদের মধ্যে সুফিয়ার মা সৈয়দা সাবেরা খাতুনই প্রথম বাংলা চর্চা শুরু করেছিলেন।
ভাইদের মাধ্যমে সুফিয়ার বাড়িতে গোপনে বাংলা বইয়ের আমদানি হতে থাকে। রবীন্দ্রনাথ আর নজরুলের লেখার সঙ্গে সেখানেই পরিচিত হন সুফিয়া কামাল। ১৩ বা ১৪ বছর বয়সে বরিশালে আসেন তিনি। সুফিয়ার আত্মীয় সৈয়দা মোতাহেরা বানুই প্রথম সুফিয়ার মধ্যে কাব্যপ্রতিভা লক্ষ করেন। তখন বরিশাল থেকে প্রকাশিত ‘তরুণ’ নামে একটি মাসিক পত্রিকায় সুফিয়ার প্রথম লেখা ‘সৈনিক বধূ’ প্রকাশিত হয়। তাঁর সাহিত্য রচনার ক্ষেত্রে স্বামী সৈয়দ নেহাল হোসেনের উৎসাহ ছিল।
সুফিয়ার ছোট মামা সৈয়দ ফজলে রাব্বি ঢাকায় পড়তেন। নজরুল ঢাকায় এলে তিনি নজরুলের হাতে তুলে দেন সুফিয়ার কিছু লেখা। লেখা পড়ে মুগ্ধ হন নজরুল। ঢাকাতেই ‘অভিযান’ পত্রিকায় সুফিয়ার কয়েকটি লেখা ছেপে দেন। সুফিয়ার কলকাতা যাওয়ার কথা শুনে নজরুল বললেন, ‘কলকাতাতেই দেখা হবে।’
কলকাতায় একদিন নজরুল এলেন সুফিয়াকে দেখবেন বলে। জমিদার বংশের পুত্রবধূ তো এভাবে হাজির হতে পারেন না। কিন্তু কে শোনে কার কথা! অগত্যা আপাদমস্তক ঘোমটায় ঢাকা সুফিয়া এসে দাঁড়ালেন নজরুলের সামনে। নজরুলের সে কী আনন্দ। উচ্ছ্বসিত হয়ে বললেন, ‘আমি ভেবেছিলাম তুমি বুঝি মোটাসোটা গোছের গিন্নি মানুষ! কিন্তু এ দেখি, নেহায়েত বাচ্চা হে!’
সুফিয়ার সঙ্গে নজরুলের প্রথম সাক্ষাৎকারের পর থেকেই মুখে মুখে ছড়িয়ে পড়ে সুফিয়ার নাম। কবি হিসেবে স্বীকৃতি পেতে দেরি হয় না।
সূত্র: সিরাজুদ্দীন হোসেন ও সারা কে বোল্টন, মহীয়সী নারী, পৃষ্ঠা ৭০-৭২

একাত্তরের জানুয়ারিতে ছুটি নিয়ে করাচি থেকে ঢাকায় এসেছিলেন পাকিস্তান বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ২৫ মার্চের কালরাতে তিনি ছিলেন নরসিংদীর পৈতৃক বাড়িতে। সে রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক গণহত্যা দেখে তিনি সিদ্ধান্ত নেন দেশের জন্য কিছু করার।
৫ দিন আগে
স্মৃতিচারণা করে ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ‘যতদূর মনে পড়ে তখন দুটো-আড়াইটা হবে। ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং পরিষদ ভবনসংলগ্ন এলাকা তখন ধোঁয়াচ্ছন্ন রণক্ষেত্র। মেডিকেল কলেজ হোস্টেলের ১নং রুম কন্ট্রোল রুমে পরিণত হয়। মাওলানা তর্কবাগীশ, ধীরেন দত্ত, শামসুদ্দীন ও কংগ্রেস পার্টির সদস্যরা পরিষদ বয়কট...
১০ দিন আগে
সাঈদ হায়দার স্মৃতিচারণা করেছেন এভাবে: ‘দুপুর গড়িয়ে বিকেল হলো, সংঘর্ষের তীব্রতা কমল না। প্রতিবাদমুখর ছাত্র-জনতাকে পুলিশ লাঠি চালিয়ে শান্ত করতে পারল না। তারা গুলি চালালো, গুলি চালালো মেডিকেল কলেজের ছাত্রাবাসের সামনের রাস্তায়। জব্বার আর রফিক প্রাণ হারালো।
১২ দিন আগে
মোহাম্মদ সুলতান ছিলেন ভাষা আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং একুশের প্রথম সংকলনের প্রকাশক। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিলাম যেকোনো মূল্যে ১৪৪ ধারা ভাঙতে হবে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা রাত ১টায় ফজলুল হক হল ও ঢাকা হলের মধ্যবর্তী সিঁড়িতে এক বৈঠকে মিলিত হই।
১৭ দিন আগে