বুয়েটে ১০০ কোটি টাকা ব্যয়ে ন্যানো ল্যাব স্থাপনের ঘোষণা প্রতিমন্ত্রীর

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপনের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার বুয়েটে ইনস্টিটিউট অব রোবটিকস অ্যান্ড অটোমেশনের (আইআরএবি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, বুয়েটে ১০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপনের কাজ শুরু করার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটা ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ায় চলে গেছে। ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৈষম্যমুক্ত, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ অর্জন করার জন্য প্রয়োজন মেধাবী স্মার্ট প্রজন্ম, যারা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নেতৃত্ব দেবে।
পলক বলেন, ‘বুয়েটের শিক্ষার্থীদের রোবোটিকস সম্পর্কে আরও বেশি করে শেখা ও জানার সুযোগ করে দেওয়ার জন্য বুয়েটে ইনস্টিটিউট অব রোবটিকস অ্যান্ড অটোমেশন আমরা স্থাপন করছি। আগামী দু-তিন দশকে প্রযুক্তি আমাদের সবকিছুর আমূল পরিবর্তন করে দেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে খরচ নয়, বিনিয়োগ হিসেবে বিবেচনা করতেন। আমরা রোবোটিকসকে শুধু বিশ্ববিদ্যালয় নয়, কলেজ, স্কুল, এমনকি প্রাইমারি স্কুল পর্যন্ত নিয়ে যেতে চাই।
প্রতিমন্ত্রী বলেন, বুয়েটে রোবোটিকস থেকে শুরু করে সাইবার সিকিউরিটি, মাইক্রোচিপ ডিজাইনিং, এআই—এই চারটি ক্ষেত্রে যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে যা কিছু সহযোগিতা প্রয়োজন হবে, সেটা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে আমাদের করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই। আমাদের ছোট আকারের রোবোটিকস ল্যাব থেকে আজ রোবোটিকস ইনস্টিটিউট হচ্ছে। ভবিষ্যতে রোবোটিকসের উদ্ভাবক,গবেষক,স্টার্টআপগুলো এখান থেকেই তৈরি হবে। সঙ্গে সঙ্গে রোবোটিকসে দক্ষ জনশক্তি আমরা এখান থেকেই গড়ে তুলতে পারব।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিমন্ত্রীসহ সব অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তৈরি রোবোসেবা-হেলথ অবজেকটিভ রোবট।
অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব জনাব মো. সামসুল আরেফিন ও বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান।
আরও খবর পড়ুন:
- সোনা পাচার চক্রে জড়িত ১৩৭৫ জন, ১০ বছরে জব্দ আড়াই হাজার কেজি
- টেকনাফ সীমান্তে আবারও ভারী অস্ত্র ও গোলার বিকট শব্দ, আতঙ্কে বাসিন্দারা
- বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি
- ব্যারিস্টার সুমন যখন ইউটিউবারদের ভিউ বাণিজ্যের ‘পুঁজি’
- তারল্যসংকট প্রকট, ধারে চলছে ব্যাংক
- বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চালু হচ্ছে যাত্রীবাহী ফেরি
- ৩০০ কোটির সম্পদের জন্য শ্বশুরকে খুন করতে ১ কোটিতে খুনি ভাড়া করেন পুত্রবধূ
- চোরাচালান মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডিবিপ্রধানকে অবৈধ হ্যান্ডসেটের বিরুদ্ধে অভিযান চালাতে বললেন পলক







