স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের আশপাশ। কেউ শোকে স্তব্ধ হয়ে আছেন, কেউবা চিৎকার করে কাঁদছেন। ছেলে, তাঁর বউ ও দুই নাতিকে হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধ তারা মোল্যা। বিলাপ করে বলছেন, ‘আমার তোতা পাখি দুইড্যা চইল্যা গেল রে, ওরে আল্লাহ! কোথায় গেল রে, আমি কী নিয়ে বাঁচব রে।’
আজ মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলির কানাইপুরের দিগনগর এলাকায় পিকআপের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের ১১ যাত্রীসহ ১৪ জন মারা যান। ওই পিকআপে করে কয়েকটি দুস্থ পরিবার ও নিজের পরিবারকে নিয়ে ফরিদপুরে আসছিলেন বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সত্তরকান্দা গ্রামের তারা মোল্যার ছেলে রাকিবুল ইসলাম মিলন।
মিলন ঢাকায় অর্থ মন্ত্রণালয়ে চতুর্থ শ্রেণির একজন কর্মচারী ছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল জেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর থেকে দুস্থদের ত্রাণের ব্যবস্থা করে দিয়ে পরিবার নিয়ে ঢাকায় ফিরে যাবেন। কিন্তু সবকিছুর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশু ছেলে রুহান (৮), আবু সিনান (৩) ও স্ত্রী সুমি বেগমসহ (৩৫) পাড়ি জমান না ফেরার দেশে।
খবর পেয়ে সকাল ৯টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছুটে আসেন বৃদ্ধ তারা মোল্যাসহ স্বজনেরা। এসেই ছেলে, দুই নাতি ও ছেলের বউয়ের লাশ দেখে চিৎকার করে আহাজারি করতে থাকেন।
তারা মোল্যা বলেন, ‘ঈদের ছুটিতে ওরা বাড়িতে এসেছিল। আজ ওর (মিলন) মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ফরিদপুর সদরে যায়। গরিব মানুষকে নিয়ে যাচ্ছিল টিন দিতে। কাজ শেষে পরিবার নিয়ে ঢাকায় যেতে চেয়েছিল।’
খবর পেয়ে ছুটে এসেছেন শেখর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা। তিনি বলেন, এলাকার দুস্থ মানুষকে নিয়ে ত্রাণের মালামাল দেওয়ার জন্য ফরিদপুর সদরে যাচ্ছিল মিলন। সেখানে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার কয়েকটি দুস্থ পরিবারের লোকজন ছিল। কিছুদিন আগে তাঁরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হন।
নিহত রাকিবুল ইসলাম মিলনের চাচাতো ভাই ইমরান মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। আজ বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হবে।’

পঞ্চগড়সহ সারা দেশে পর্যাপ্ত সার সরবরাহ ও মজুত রয়েছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছাতে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। ডিলারদের একটি অংশ যথাযথভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
১৮ মিনিট আগে
বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর আইনি প্রক্রিয়ায় গরুর হাট উচ্ছেদ, সাঁটল বাস সেবা চালু, তিনটি সেতুর সংযোগ স্থাপন, টহল গাড়ি বৃদ্ধি, মশক নিধন ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, মাঠ ও পার্কের জায়গা বুঝে নেওয়া এবং চারটি যাত্রী ছাউনি নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে...
১৮ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুষনা মোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোর্শেদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের মুরাদপুরে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে মিছিলটি বের করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগে