দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ফরিদপুর কার্যালয়ে ত্রাণের ঢেউটিন ও নগদ অর্থ নিতে এসেছিলেন ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার কয়েকটি হতদরিদ্র পরিবার। একটি পিকআপে ভোরে রওনা দেন তাঁরা। কিন্তু পথে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী বাস ইউনিক পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নারী-শিশুসহ ১১ জন নিহত, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন এবং ঢাকায় নেওয়ার পথে একজন নিহত হন। তাঁরা সবাই পিকআপের যাত্রী ছিলেন।
আজ মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর কানাইপুরের দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তিনজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পালকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহতদের মধ্যে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সত্তরকান্দা গ্রামের একই পরিবারের চারজন রয়েছেন। তাঁরা হলেন—রাকিবুল ইসলাম মিলন (৩৮), তাঁর স্ত্রী সুমি বেগম (৩৫) ও দুই শিশু ছেলে রুহান (৮) ও আবু সিনান (৩)।
নিহত অপর ব্যক্তিরা হলেন—একই গ্রামের মর্জিনা বেগম (৭০) ও আলফাডাঙ্গা উপজেলার চরবকাইল গ্রামের তবিবুর খান (৫৫), বেজিডাঙ্গা গ্রামের জাহানারা বেগম (৫৬), সোনিয়া বেগম (৫৮), নুরারী (২), পিকআপচালক কুসুমদি গ্রামের নজরুল ইসলাম (৩৫), হিদাডাঙ্গা গ্রামের শুকুরুন নেছা (৮৫), কহিনুর বেগম (৭০) ও সূর্য বেগম (৫৫)।
এ ছাড়া ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিহত রাকিবুল ইসলামের বৃদ্ধা মা হুরি বেগম (৬০) ও মরিয়ম বেগম নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে মুমূর্ষু অবস্থায় বোয়ালমারী উপজেলায় রুপাপাত গ্রামের ইকবাল শেখ নামের এক ব্যক্তিকে ঢামেকে পাঠানো হলে পথে তিনিও মারা যান বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছানোয়ার মোল্যা।
এর মধ্যে রাকিবুল ইসলাম মিলন ঢাকায় একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার মাধ্যমে অন্যরা ত্রাণ নেওয়ার জন্য আসেন এবং তিনি ওই পিকআপে পরিবার নিয়ে ঢাকায় রওনা দিয়েছিলেন।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রাণের ঢেউটিন ও নগদ অর্থ নেওয়ার জন্য তাঁরা ফরিদপুরে আসছিলেন।
এ বিষয়ে জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ বাবর আজকের পত্রিকাকে বলেন, ‘তারা ত্রাণ নিতে আসছিলেন বলে জেনেছি। আমরা প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে থাকি। যখন যারা আসে তখনই দেওয়া হয়। এ জন্য নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয় না।’
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পিকআপ এবং বাসটি জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা গেছে। তবে এখনো তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবেন। নিহতদের নগদ ২০ হাজার ও আহতদের ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। নিহতদের আবেদনের প্রেক্ষিতে ৫ লাখ এবং আহতদের ৩ লাখ টাকা দেওয়া হবে।

একটি বিশেষ চক্র নিজেদের উদ্দেশ্য ও স্বার্থ হাসিলের জন্য শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাঁদের কাছে প্রতীয়মান হচ্ছে। প্রকৃত ঘটনা আড়াল বা ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। হত্যাকাণ্ড নিয়ে পুলিশের দেওয়া বক্তব্য বিশ্বাসযোগ্য নয়...
২ মিনিট আগে
রাজধানীতে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে...
১১ মিনিট আগে
বরিশাল নগরের ৪ নম্বর ওয়ার্ডের টিবি হাসপাতাল-সংলগ্ন বেদখল হয়ে যাওয়া ৬৯ শতাংশ সরকারি খাস জমিতে খেলার মাঠ করার ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন। আজ শনিবার দুপুরে ঘটনাস্থল ঘুরে করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এ ঘোষণা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মামুন খন্দকার ছিলেন।
১২ মিনিট আগে
একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, মুহূর্তেই তছনছ করে দিতে পারে একটি পুরো পরিবারকে। অথচ ময়মনসিংহের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে প্রতিদিনই এমন ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা প্রায় অর্ধশত মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ এখন যেন নীরব আতঙ্ক।
২০ মিনিট আগে