দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। এই নামে তিনি কাউকে চেনেনও না। তবে ২০১৮ সালে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খানের লাশ উদ্ধারের পর আরাভকে আটকের পরও গ্রেপ্তার না দেখিয়ে তিনদিন পর ছেড়ে দেয় পুলিশ। এই ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশের তৎকালীন শীর্ষ এক কর্মকর্তার চাপের (বর্তমানে অবসরে) কথা জানিয়েছেন ঢাকা গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিমের এক কর্মকর্তা।
গতকাল শনিবার বেলা ৩টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা জানান বেনজীর। বেনজীর লিখেছেন, ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনি না। আমার সঙ্গে তাঁর এমনকি প্রাথমিক পরিচয়ও নাই।’
২০১৮ সালের ৭ জুলাই ঢাকায় পুলিশ পরিদর্শক মামুন এমরান খুন হন। এই ঘটনায় ডিবি তদন্ত শেষে গোপালগঞ্জের তরুণ রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ওই সময় তাঁকে ধরেও ছেড়ে দেওয়ার বিষয়ে বেনজীর আহমেদের প্রভাব ছিল বলে গুঞ্জনের মধ্যেই তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন।
তিন দিন ডিবি কার্যালয়ে রেখে আরাভকে ছেড়ে দেয় পুলিশ
৯ জুলাই পুলিশ পরিদর্শক মামুন এমরান খানের লাশ উদ্ধারের পর তাঁর বন্ধু রহমত উল্ল্যাহকে গ্রেপ্তার করে ডিবি। এরপর ওই বছরের ১০ জুলাই বনানী থানায় একটি হত্যা মামলা হয়। রহমত উল্ল্যাহর তথ্যানুযায়ী আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। একই সময় রবিউল ইসলাম ওরফে আরাভ খানকেও আটক করেছিল ডিবি। তবে আরাভকে কখনো গ্রেপ্তার দেখায়নি ডিবি।
ওই সময়ে মামলার তদন্তের সঙ্গে জড়িত ঢাকা গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিমের এক কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক এক শীর্ষ প্রবীণ নেতা ও পুলিশের তৎকালীন শীর্ষ এক কর্মকর্তা (বর্তমানে অবসরে) চাপ প্রয়োগ করেন। আরাভকে চাপে পড়ে ছাড়তে বাধ্য হন।’
পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যার ঘটনার সময় ডিএমপির ডিবিপ্রধান ছিলেন ডিআইজি আব্দুল বাতেন। তিনি বর্তমানে রাজশাহী রেঞ্জের ডিআইজি। কারও চাপে পড়ে আরাভকে ছেড়ে দিয়েছিলেন কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক আগের ঘটনা তো, তাই বলতে পারছি না।’
চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকেও আটক করা হয়েছিল
পুলিশ পরিদর্শক যে ফ্ল্যাটটিতে খুন হন, সেটি আরাভ খানের নামে ভাড়া নেওয়া হলেও ডিবি জানতে পারে এর নেপথ্যে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ রয়েছেন। আরাভ ও রাজ দুজনেরই গ্রামের বাড়ি গোপালগঞ্জে। রাজের নাম আসার পর তাঁকেও ডিবি কার্যালয় নিয়ে আসা হয় তখন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পারে, ২০১৪ সাল থেকে বনানী, গুলশান, নিকেতন, মহাখালী, খিলগাঁও, রামপুরা এলাকায় রাজ ও আরাভের নিয়ন্ত্রিত অনেকগুলো ফ্ল্যাট আছে। যেখানে বিভিন্ন ডিজে পার্টিসহ অনৈতিক কার্যক্রম হয়। দেশের ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তিদের পার্টিতে ডাকা হতো। কোনো কোনো ব্যক্তিকে নারীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন তাঁরা। এভাবে রাতারাতি তাঁরা অনেক টাকার মালিক হয়ে যান।
আরাভের সঙ্গে তাঁর সখ্যের বিষয়ে বক্তব্য জানতে রাজের মোবাইল নম্বরে ফোন ও খুদে বার্তা দিলেও তিনি সাড়া দেননি।
আরও খবর পড়ুন:

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৯ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬