
এমভি অভিযান-১০ লঞ্চের তিন মালিকসহ সাতজনের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার ঢাকার নৌ-আদালতের আদালতের বিচারক (বিশেষ মহানগর হাকিম) জয়নাব বেগম জামিন নামঞ্জুর করেন।
যাদের জামিন নামঞ্জুর হয়েছে তারা হলেন লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির তিন মালিক মো. হামজালাল শেখ, মো. শামিম আহম্মেদ ও মো. রাসেল আহাম্মেদ। এ ছাড়া লঞ্চের ইনচার্জ (মাস্টার) মো. রিয়াজ সিকদার, ইনচার্জ (চালক) মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ওই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে করা মামলায় তাঁদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁদের আইনজীবী জাহাঙ্গীর হোসেন জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বেল্লাল হোসাইন তাঁদের জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
নৌ-আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বেল্লাল হোসাইন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিন আবেদনের ওপর শুনানির সময় আইনজীবী জাহাঙ্গীর হোসেন মালিকদের নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ওই দুর্ঘটনার সময় তারা নৌযানে ছিলেন না। তারা এই দুর্ঘটনার জন্য দায়ী নন। নৌ-আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বেল্লাল হোসাইন জামিনের বিরোধিতা করে বলেন, যে সম্পদ থেকে আমরা অধিকার, সুযোগ-সুবিধা ভোগ করি, তার দায়-দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। লঞ্চটি যথাযথ ব্যবস্থাপনায় পরিচালনা না করার দায় মালিক এড়াতে পারেন না।
এর আগে গত ২ জানুয়ারি এই আদালতে লঞ্চের ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ ও দ্বিতীয় চালক আবুল কালাম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তারও আগে গত ২৮ ডিসেম্বর একই আদালতে লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার ও দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মালিকদের বিভিন্ন তারিখে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
গত ২৬ ডিসেম্বর আদালতে নৌ-অধিদপ্তরের প্রধান পরিদর্শক মো. শফিকুর রহমান স্পেশাল মেরিন আইনের ৫৬ / ৬৬ ও ৭০ ধারায় অভিযোগ এনে আটজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৩ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি অভিযান-১০ বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চটি ঝালকাঠির নলছিটি থানা এলাকা অতিক্রম করার পর রাত আনুমানিক ৩টায় ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। পরে ঝালকাঠির সুগন্ধা নদীর লঞ্চঘাটের অনেক আগেই জাহাজে থাকা যাত্রীদের অনেকে নদীতে লাফ দেন। আগুনে কেবিনসহ সবই পুড়ে যায়।
ইনচার্জ মাস্টার, ইনচার্জ ড্রাইভার ও সেকেন্ড ড্রাইভার আগুন নিয়ন্ত্রণের পদক্ষেপ না নেওয়ায় প্রায় অর্ধশত যাত্রী পুড়ে মারা যান। এ ছাড়া আনুমানিক ১৫০ জন যাত্রী দগ্ধ হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নৌযানটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র, লাইফ বয়া, বালির বাক্স ও বালতি ছিল না। ইঞ্জিনরুমের বাইরে অননুমোদিতভাবে ডিজেল বোঝাই অনেকগুলো ড্রাম ও রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ছিল বলে মামলায় অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী সোহেল রানাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তাঁকে রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রবেশের সময় স্টিয়ারিংয়ে কারিগরি ত্রুটির কারণে কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস ২ নম্বর রেড বয়ায় ধাক্কা দিয়ে রিটেইনিং ওয়ালে আটকে গেছে। সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত হননি। জাহাজটি সরাতে উদ্ধার অভিযান চলছে।
১৩ মিনিট আগে
বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম, চিকিৎসা উপকরণের অপ্রতুলতা ও হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ, স্বাস্থ্যসেবা আধুনিকায়ন এবং পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবি জানানো হয়।
১৬ মিনিট আগে
সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখার লক্ষ্যে পিরোজপুর জেলায় কর্মঘণ্টা চলাকালীন সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়। আজ সোমবার পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
৩০ মিনিট আগে