
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় শেষ দিনের যুক্তিতর্ক শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে সিনিয়র আইনজীবী রানা দাশগুপ্তের অসমাপ্ত যুক্তি উপস্থাপনের মধ্যে আদালতের দিনের কার্যক্রম শুরু করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার আসামি ও বরখাস্ত পুলিশের পরিদর্শক লিয়াকত আলীর পক্ষে সিনিয়র আইনজীবী চন্দন কুমার দাশ এবং টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে সিনিয়র আইনজীবী রানা দাশগুপ্ত তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রদীপের পক্ষে রানা দাশগুপ্তের যুক্তিতর্ক অসমাপ্ত রেখে গতকাল আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।
এর আগে সোমবার পর্যন্ত এ মামলার যুক্তিতর্কের দ্বিতীয় দিনে ১৩ জন আসামির পক্ষে আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, বুধবার আসামি প্রদীপের পক্ষে সিনিয়র আইনজীবী রানা দাশগুপ্ত তাঁর অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে ১৫ আসামির যুক্তিতর্ক শেষ হবে। এরপর উভয় পক্ষের আইনজীবী সর্বশেষ সওয়াল-জবাবে অংশ নেবেন।
পিপি বলেন, এ মামলায় ২৩ আগস্ট থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অষ্টম দফায় ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এরপর আদালত জেরা শেষে ৩৪২ ধারায় ১৫ আসামির লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহণের পর চার দিনের যুক্তিতর্কের দিন ধার্য করেন।
এর আগে সকাল ৯টার দিকে জেলা কারাগার থেকে কড়া পুলিশি পাহারায় বরখাস্ত ওসি প্রদীপসহ এ মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর পুলিশের তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম একই বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছেন।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে ফারুক হোসেন (২৭) নামের এক যুবককে অপহরণের চেষ্টা ও গুলি করে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি অংশে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে এই দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে। শিশুর জন্য ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে ডেকে নিয়ে হাসপাতালের ষষ্ঠ তলায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
২৪ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ তিন চাকার যান (থ্রি-হুইলার) আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাঁদের একটি টহল গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে নিমসার সবজি বাজার সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে