
আমার বয়স ১৭ বছর। মা, দুই ভাইসহ আমি একসঙ্গে থাকি। মা-বাবা আলাদা থাকেন সাত বছর ধরে। আমার বাবা কোনোভাবেই আমার মাকে ডিভোর্স দিচ্ছেন না। আমরা বোঝানোর চেষ্টা করেছি। মা আমাদের তিন ভাইবোনের খরচ বহন করেন। তিনি কোনো কিছুই অপূর্ণ রাখেন না। কিন্তু বাবা আমাদের খোঁজ রাখেন না। আমার মা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন দিন দিন। সন্তান হিসেবে আমরা এমন কোনো আইনি পদক্ষেপ নিতে পারি কি, যাতে আমার মা-বাবার ডিভোর্স হয়ে যায়?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: আমাদের দেশে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট আইনি পথ আছে। তবে প্রতিটি আইনি পদক্ষেপ বাস্তবতা, উপযুক্ত প্রমাণ, সময় এবং পেশাদার আইনি সহায়তার ওপর নির্ভরশীল।
দেশে মুসলিম দম্পতিদের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের একটি পথ হলো, স্বামী কর্তৃক তালাক দেওয়া। এ জন্য স্বামীকে ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন অথবা সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান/মেয়রের কাছে লিখিত নোটিশ দিতে হয়। নোটিশের ৯০ দিন পার হলে এবং এ সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে তালাক আইনিভাবে কার্যকর হয়। এটি তুলনামূলকভাবে সহজ ও কম জটিল পদ্ধতি। তবে এর প্রধান শর্ত হলো, স্বামীর সম্মতি, যা বর্তমান পরিস্থিতিতে অনুপস্থিত।
নিকাহনামার ১৮ নম্বরে স্ত্রীকে তালাকের অনুমতি দেওয়া থাকলে স্বামীর অসম্মতিতে স্ত্রী নিজে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠাতে পারেন। এটি তিন মাস পর কার্যকর হবে।
এ ছাড়া স্ত্রী জুডিশিয়াল ডিভোর্সের জন্য আদালতের মাধ্যমেও আবেদন করতে পারেন। এর একটি প্রচলিত রূপ হলো ‘খুলা’। সাধারণত এতে স্বামীর সম্মতি প্রয়োজন হলেও স্বামী অসম্মতি জানালে স্ত্রী আদালতে আবেদন করতে পারেন। আদালত নির্দিষ্ট ও যুক্তিসংগত কারণ; যেমন অমানবিক আচরণ, দীর্ঘদিন ভরণপোষণ না দেওয়া কিংবা স্বামীর অনুপস্থিতি প্রমাণিত মনে করলে খুলা বা বিবাহবিচ্ছেদ মঞ্জুর করতে পারেন।
এ ছাড়া জুডিশিয়াল ডিসল্যুশন বা ফাসখ-এর ক্ষেত্রে আদালত বিবেচনা করেন, দাম্পত্য সম্পর্কটি স্থায়ীভাবে অচল, অসহনীয় বা টেকসই কি না। স্বামী যদি দীর্ঘদিন ধরে ভরণপোষণ না দেন, মানসিক বা শারীরিক নির্যাতন করেন কিংবা পারিবারিক দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হন, তাহলে বিষয়গুলো আদালতে যদি প্রমাণ করা যায়, সে ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের আদেশ দিতে পারেন আদালত।
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
আপনার মায়ের জন্য পারিবারিক কোর্টে আদালতের মাধ্যমে জুডিশিয়াল ডিভোর্স বা স্বামীর সম্মতি ছাড়াই খুলার আবেদন করা যেতে পারে। তবে এতে কিছুটা সময় লাগবে।
এই প্রক্রিয়াগুলো সময়সাপেক্ষ। এ জন্য একজন অভিজ্ঞ পারিবারিক আইনজীবীর সহায়তা জরুরি।
একজন দক্ষ ও অভিজ্ঞ পারিবারিক আইনজীবীর সহায়তা নিলে সুবিধা পাবেন অনেক। তিনি প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত, প্রমাণ সংগ্রহ, আদালতের আনুষ্ঠানিকতা সম্পন্ন এবং মামলার সঠিক দিকনির্দেশনা দিতে পারবেন। পাশাপাশি, প্রাথমিক পর্যায়ে সমঝোতার চেষ্টা হিসেবে ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যানের অফিসের মাধ্যমে আইনি নোটিশ দেওয়াও গুরুত্বপূর্ণ। এটি অনেক ক্ষেত্রে আদালতের প্রক্রিয়ার একটি অংশ হিসেবে বিবেচিত হয়।
আপনার বয়স ১৭ বছর বলে আপনি আইনগতভাবে অপ্রাপ্তবয়স্ক। তাই সরাসরি আইনি সিদ্ধান্ত গ্রহণ বা মামলা পরিচালনা করার ক্ষমতা আপনার নেই। এই প্রক্রিয়ায় আপনার মা-ই প্রধান আবেদনকারী হবেন। সন্তান হিসেবে আপনার মায়ের মানসিক ও শারীরিক অবস্থার পরিবর্তনগুলো নথিবদ্ধ, প্রয়োজনীয় চিকিৎসা কাগজপত্র সংরক্ষণ এবং আপনার মা-বাবার মধ্যে যোগাযোগ বা দায়িত্বহীনতার প্রমাণ সংগ্রহে সহায়তা করতে পারেন। এসব উদ্যোগ মামলাকে শক্তিশালী করে এবং আদালতের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে সহায়ক।
মনে রাখতে হবে, বাংলাদেশে বিবাহবিচ্ছেদ একটি তাৎক্ষণিক অথবা সহজ প্রক্রিয়া নয়। তাৎক্ষণিকভাবে ডিভোর্স হয়ে যাওয়ার কোনো আইনগত ব্যবস্থা নেই।
পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর দেখতে দেখতে পাঁচ বছর পার হয়ে গেল। ২০২১ সালের আগস্টে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত তালেবান সরকার নারী ও মেয়েশিশুদের লক্ষ্য করে ১০০টির বেশি ফরমান বা নির্দেশনা জারি করেছে। এর মাধ্যমে তাঁদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্যকে...
৬ দিন আগে
একটা সময় ছিল, যখন ফ্যাশন মানেই ছিল নারীদের শরীর শক্ত কোরসেটে পিষে দমবন্ধ করে রাখা। অর্থাৎ ভারী পোশাকের নিচে শরীরের স্বাধীনতা বন্দী করে রাখা। ঠিক তখনই ফরাসি ফ্যাশনে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে গ্যাব্রিয়েল কোকো শ্যানেলের। তিনি বলেছিলেন, ‘বিলাসিতা যদি আরামদায়ক না হয়, তাহলে সেটি বিলাসিতার পর্যায়েই পড়ে না।
৬ দিন আগে
স্বামী নেই। বাংলাদেশের অন্য বিধবাদের মতো ছিল তাঁর অভাবের সংসার। কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছ থেকে পাওয়া ১ লাখ ৫০ হাজার টাকার ঋণে দূর হয়েছে অভাব। অক্লান্ত পরিশ্রমের ফলে হতাশা আর অনটন মাড়িয়ে সংসারে এসেছে সচ্ছলতা। গল্পটি যশোরের ঝিকরগাছার উপজেলার পানিসারা ইউনিয়নের কুলিয়া গ্রামের...
৬ দিন আগে
ইংল্যান্ডের ইস্ট ডারহামের সিহ্যামের এক অ্যালটমেন্টের কুঁড়েঘরে প্রতিদিন জড়ো হন নানা বয়সের নারী। কেউ নিয়ে আসেন তাঁদের অসমাপ্ত স্বপ্ন, কেউবা জীবনের নতুন অধ্যায় শুরু করার সাহস। আর তাঁদের সামনে দাঁড়িয়ে কাইলি ডিক্সন বারবার মনে করিয়ে দেন, কোনো আইডিয়াকে সবাই আজব বলে উড়িয়ে...
৬ দিন আগে