লস অ্যাঞ্জেলেসের এক ভোরে নীরবে ঘুমের মধ্যে শেষনিশ্বাস ত্যাগ করেন এক ভাস্কর বেটি সার। মাত্র কয়েকটা দিন পরেই উদ্যাপিত হতো তাঁর শতবর্ষ। কিন্তু সেই উদ্যাপনে সশরীরে থাকবেন না তিনি। ১০০ বছরের মাইলফলকের একেবারে কাছে এসে তিনি বিশ্বকে দেখিয়ে গেলেন, শিল্প আর প্রতিবাদের সংমিশ্রণ কতটা শক্তিশালী হতে পারে। ২৬ জুলাই ৯৯ বছর বয়সে জীবনাবসান হলো কৃষ্ণাঙ্গ শিল্প আন্দোলনের পথিকৃৎ এবং প্রখ্যাত ভাস্কর বেটি সারের।
লরেল ক্যানিয়নে নিজের প্রিয় বাড়িতে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন বেটি। যেখানে একসময় ফ্র্যাঙ্ক জ্যাপা ছিলেন তাঁর প্রতিবেশী। গল্পটির সূচনা আরও আগে, ১৯২৬ সালের ৩০ জুলাই, লস অ্যাঞ্জেলেসে। জ্যাফারসন মেজ ব্রাউন এবং বিয়াট্রিস লিলিয়ান পার্সন দম্পতির ঘরে জ্যেষ্ঠ সন্তান হিসেবে জন্মেছিলেন বেটি আইরিন ব্রাউন। মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারান তিনি। বর্ণবৈষম্যের শিকার হয়ে এক শ্বেতাঙ্গ হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা যান তাঁর বাবা। এরপর পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন নিকট আত্মীয়দের কাছে। শৈশবে ওয়াটসে থাকার সময়ে সাইমন রোডিয়ার ওয়াটস টাওয়ারস তৈরি দেখা ছিল তাঁর জীবনের অন্যতম অনুপ্রেরণা। ভেজা সিমেন্ট আর বাতিল সব কুড়ানো জিনিস দিয়ে শিল্পকর্ম তৈরির সেই দৃশ্য তাঁর মনে গেঁথে গিয়েছিল।
পরবর্তী সময়ে ইউসিএলএ থেকে ডিজাইন বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে নকশাকার হিসেবে জীবন শুরু করেছিলেন বেটি। কিন্তু ১৯৬০-এর দশকের শেষভাগে এসে প্রিন্ট মেকিং এবং পরবর্তী সময়ে ক্যালিফোর্নিয়ার ঐতিহ্যবাহী অ্যাসেম্বলেজ শিল্পের জগতে পুরোপুরি নিমগ্ন হয়ে পড়েন তিনি। বাতিল জিনিসপত্র, পুরোনো খেলনা, ভিন্টেজ স্মারক কুড়িয়ে এনে তিনি তৈরি করতেন শিল্পকর্ম। তিনি প্রায়ই বলতেন, ‘আমার কাজ পুনর্ব্যবহার নিয়ে। আমি যে প্রতিটি জিনিস সংগ্রহ করি, তাতে আগের কাজ থেকে পাওয়া একটি নির্দিষ্ট শক্তি থাকে, যা নতুন ব্যবহারে স্থানান্তর করা হয়।’ ১৯৭২ সালে তিনি তৈরি করেন তাঁর সবচেয়ে প্রভাবশালী এবং বৈপ্লবিক শিল্পকর্ম ‘দ্য লিবারেশন অব আন্ট জেমাইমা’।

১৯ শতকের বর্ণবাদী ধারণা ম্যামি বা দাসী নারীর প্রতীক আন্ট জেমাইমার এক হাতে রাইফেল আর এক হাতে গ্রেনেড তুলে দিয়ে এক নতুন যোদ্ধার রূপ দেন বেটি। দাসত্বের শৃঙ্খল ভেঙে কৃষ্ণাঙ্গ নারীদের মুক্তির এই চিত্রপট পুরো ব্ল্যাক আর্টস মুভমেন্টকে নাড়া দিয়ে যায়য। প্রখ্যাত অধিকারকর্মী অ্যাঞ্জেলা ডেভিস পরবর্তী সময়ে স্বীকার করেন, এই একটি শিল্পকর্মই মূলত কৃষ্ণাঙ্গ নারী আন্দোলনের সূচনা করেছিল। সেই কাজের পেছনের ভাবনা নিয়ে বেটি নিজেই বলেছিলেন, ‘এমন মনে হতো, যেন তারা দাসপ্রথা বিলুপ্ত করেছে ঠিকই, কিন্তু কৃষ্ণাঙ্গদের রেখে দিয়েছে রান্নাঘরের পাত্রের মতো করে। আমার কাছে এই আন্ট জেমাইমা চিত্রটি ছিল এবং আমি তাঁর স্কার্টের নিচে একটি রাইফেল ও গ্রেনেড বসিয়ে দিতে চেয়েছিলাম। এ ছাড়া তাঁকে ক্ষমতায়িত করতে চেয়েছিলাম, একজন যোদ্ধা বানাতে চেয়েছিলাম। আমি মানুষকে জানাতে চেয়েছিলাম যে কৃষ্ণাঙ্গরা আর এগুলো দিয়ে শৃঙ্খলিত থাকবে না।’
ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে বেটি বিশ্বভ্রমণ করে কুড়িয়েছেন আফ্রিকান ডায়াসপোরা ও রহস্যময় আধ্যাত্মিকতার নানান উপাদান। বিশ্বজুড়ে অসংখ্য প্রদর্শনী আর সম্মাননায় ভূষিত এই নারী ৯৫ বছর বয়সেও জলরঙে এঁকেছেন ‘ব্ল্যাক ডল ব্লুজ’, তেমনি শতবর্ষের কাছাকাছি পৌঁছেও তৈরি করেছেন নতুন প্রদর্শনীর জন্য শিল্পকর্ম। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে বেটি ‘লস অ্যাঞ্জেলেস টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যেখানে কিছুই ছিল না, সেখানে নতুন কিছু সৃষ্টি করাই শিল্প।’ নিজের সৃষ্টিশীলতার অদম্য শক্তিতে ‘অভাব’কে পূর্ণতায় রূপ দেওয়ার এই শিল্পকলা রেখে বেটি সার আজ নিজেই ইতিহাস।
সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস, দ্য গার্ডিয়ান

বাহমানি সালতানাত থেকে শুরু করে পরবর্তী সময়ে হায়দরাবাদ রাজ্য ভারতীয় উপমহাদেশের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা শাসন করেছে। এটি আয়তনে ফ্রান্স বা ইতালির মতো পরাশক্তিগুলোর সমকক্ষ ছিল। দাক্ষিণাত্যের আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা, বিদার, দৌলতাবাদ ছিল এর অংশ। এসব অঞ্চল শুধু শক্তিশালী রাজ্যই ছিল না;
১ দিন আগে
বন্ধুদের মাঝে নিজের ফ্যাশন-সচেতনতা আর স্বতন্ত্র স্টাইলের জন্য একসময় বেশ পরিচিত ছিলেন রুমাইয়া করিম রামিসা। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা গয়না বিক্রির মাধ্যমে তাঁর অনলাইন গয়নার ব্যবসার যাত্রা শুরু হয়েছিল। এখন তিনিই সেগুলোর নকশা করেন। এরপর দক্ষ কারিগরের কাছ থেকে তৈরি করে নিজের ব্র্যান্ড দে’শীর মাধ্যম
১ দিন আগে
মেক্সিকান-আমেরিকানদের নাগরিক অধিকার আদায়ের ইতিহাসে মারিয়া এল দে হার্নান্দেজ এক অবিসংবাদিত নাম। ১৯১৪ সালে মেক্সিকান বিপ্লব শুরু হলে তিনি টেক্সাসে চলে যান। সেখানে তিনি সাধারণ এক তুলা সংগ্রাহক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা থেকে সময়ের পরিক্রমায় অধিকার আদায়ের সক্রিয় কর্মী হয়ে ওঠেন।
১ দিন আগে
সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ ধারাবাহিকভাবে কমে যাওয়ায় নারী কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু।
২ দিন আগে