
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পিঁপড়াগুলো ইউরোপ ও এশিয়ার বিদেশি পোষা প্রাণীর বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। এ ঘটনায় চোরাকারবারিদের বন্যপ্রাণী পাচারের দায়ে শাস্তি দেওয়া হবে। কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস (কেডব্লিউএস) এই মামলাকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।
কেডব্লিউএস জানিয়েছে, কর্তৃপক্ষ জীবন্ত রানি পিঁপড়া আটক করেছে। এর মধ্যে রয়েছে অত্যন্ত মূল্যবান ‘মেসর সেফালোটিস’ প্রজাতি, যা ‘জায়ান্ট আফ্রিকান হারভেস্টার’ পিঁপড়া নামেও পরিচিত। পিঁপড়াগুলো মডিফাইড টেস্টটিউব ও সিরিঞ্জে লুকানো ছিল।
সংস্থাটি বিবৃতিতে বলেছে, ‘তদন্তে জানা গেছে, টেস্টটিউবগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে পিঁপড়াগুলো দুই মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দেওয়া যায়।’ এটিকে ‘পরিকল্পিত এবং সুচারুরূপে কার্যকর’ বলে বর্ণনা করেছে তারা।
অনেকে পিঁপড়াকে বিরক্তিকর মনে করলেও, কিছু মানুষ পিঁপড়াকে ফর্মিকারিয়ামে (কাচের পাত্র) রেখে তাদের জটিল কলোনি তৈরি করা দেখে আনন্দ পান। রয়টার্সের কাছে আসা আদালতের নথি অনুসারে, কর্তৃপক্ষ প্রায় ৫ হাজার রানি পিঁপড়া আটক করা হয়েছে। এগুলো ২ হাজার ২৪৪টি পাত্রে রাখা ছিল এবং এর বাজারমূল্য প্রায় ১০ লাখ কেনিয়ান শিলিং বা ৭ হাজার ৮০০ মার্কিন ডলার।
এদিকে, গত সোমবার দুই বেলজিয়ান, এক ভিয়েতনামি ও এক কেনিয়ান নাগরিক জীবন্ত বন্যপ্রাণী অবৈধভাবে রাখা ও পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁরা আবারও জমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর আদালতে হাজিরা দেন। বেলজিয়ান চোরাকারবারি ডেভিড লর্নয় আদালতের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমরা এখানে কোনো আইন ভাঙতে আসিনি। ভুলবশত এবং বোকামির কারণে এটা হয়ে গেছে।’

আদালত আগামী ২৩ এপ্রিল পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছে। কেডব্লিউএস, কেনিয়ার জাতীয় জাদুঘর এবং প্রবেশন অফিসারের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে সেদিন শাস্তি ঘোষণা করা হবে। চোরাকারবারিরা আপাতত কারা হেফাজতে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পিঁপড়া ব্যবসার একটি সূত্র জানিয়েছে, মেসর সেফালোটিস পিঁপড়া রপ্তানির জন্য কেডব্লিউএসের লাইসেন্স এবং স্বাস্থ্য সনদের প্রয়োজন হয়। সূত্রটি আরও জানায়, কেনিয়ার স্থানীয় এই প্রজাতির পিঁপড়াটির প্রচুর চাহিদা রয়েছে এবং এটি পাওয়াও কঠিন।
বিশেষজ্ঞ ব্রিটিশ পিঁপড়া বিক্রেতা প্রতিষ্ঠান অ্যান্টসরুস এই প্রজাতিকে ‘দেখতে সত্যিই অসাধারণ’ বলে আখ্যা দিয়েছেন। তাঁরা বলেছেন, ‘মেসর সেফালোটিস অনেকেরই স্বপ্নের প্রজাতি। রানি পিঁপড়াগুলো প্রায় ২০-২৪ মিমি লম্বা হয় এবং এদের রং লাল ও বাদামি/কালো মিশ্রিত।
অ্যান্টসরুস তাদের ওয়েবসাইটে এই প্রজাতির একটি জীবন্ত রানি পিঁপড়ার দাম ৯৯ দশমিক ৯৯ পাউন্ড বা ১৩২ দশমিক ৪৪ মার্কিন ডলার উল্লেখ করেছে, যদিও বর্তমানে এটি তাদের স্টকে নেই।
আরও খবর পড়ুন:

বিমানবন্দরের স্ক্যানার ভুলবশত মসলাকে হেরোইন হিসেবে শনাক্ত করায় টানা ৫৭ দিন কারাগারে থাকতে হয়েছে ভারতের এক ব্যবসায়ীকে। পরে আদালত তাঁকে প্রায় ৯ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
৭ দিন আগে
বাংলাদেশে এক অদ্ভুত সামাজিক যোগাযোগমাধ্যম তারকাকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে। তবে এই তারকা কোনো অভিনেতা বা গায়ক নয়, বরং সোনালি চুলওয়ালা এক অ্যালবিনো মহিষ। কয়েক দিনের মধ্যেই কোরবানির জন্য জবাই হওয়ার কথা এই মহিষটির। কিন্তু তার আগেই এটিকে একনজর দেখতে আর ছবি তুলতে ভিড় করছেন অসংখ্য মানুষ।
১১ দিন আগে
ঈদুল আজহা এলে প্রতিবছরই বাংলাদেশে একটি ‘ট্রেন্ড’ দেখা যায়, সেটি হলো কোরবানির হাটে তোলা পশুর নামকরণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার বাজারে এসেছে ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের পশু। আর এই নামকরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টেও....
১৬ দিন আগে
হাঙ্গেরির রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা ভিক্টর ওরবানকে পরাজিত করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগিয়ার। গতকাল রোববার হাঙ্গেরির পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে এই ঐতিহাসিক অভিষেক...
২১ দিন আগে