
শতবর্ষী কারও বিয়ে হওয়াটাই বেশ অস্বাভাবিক। সেখানে বর ও কনে দুজনেই যদি শতবর্ষী হন, তাহলে তো কথাই নেই—একেবারে সোনায় সোহাগা। যুক্তরাষ্ট্রে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তাঁরা।
১০২ বছরের নারী মার্জোরি ফিটারম্যান এবং ১০০ বছর বয়স্ক পুরুষ বার্নি লিটম্যান ইতিমধ্যেই দীর্ঘ একটা জীবন কাটিয়েছেন। তাঁদের জীবনসঙ্গীরা মারা যাওয়ার পর আমেরিকার ফিলাডেলফিয়ায় প্রৌঢ়দের বসবাসের একটি জায়গায় একই ভবনের একই তলায় বাস করতে শুরু করেন তাঁরা। তবে তখন তাঁরা নিশ্চয়ই কল্পনাও করেননি, ঠিক কয়েক দরজার দূরত্বে নতুন ভালোবাসা খুঁজে পাবেন।
গত ১৯ মে তাঁরা ৯ বছরের সম্পর্কের পর বিয়ে করেন। তাঁদের সম্মিলিত বয়স ২০২ বছর ২৭১ দিন, এটি তাঁদের পৃথিবীর সবচেয়ে বয়স্ক দম্পতি হিসেবে বিয়ে করার দিক থেকে সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে দিয়েছে।
বার্নির মার্জোরির সঙ্গে প্রথম দেখা তাঁদের তলার একটি পার্টিতে। সেখান থেকেই তাঁদের সম্পর্ক শুরু হয়। একই দিনে তাঁদের প্রথম ডেট হয়, যেদিন বার্নির এক প্রপৌত্রী জন্ম নেন।
অবশ্য ভাগ্যে থাকলে অনেক আগেই একে অপরের সঙ্গে পরিচিত হতে পারতেন। কারণ, তাঁরা একই সময়ে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। তবে সে সময় তাঁদের দেখা হয়নি। কর্মজীবনে বার্নি ছিলেন একজন প্রকৌশলী এবং মার্জোরি একজন শিক্ষক।
বার্নির নাতনি সারা সিচারম্যান জানান, তাঁরা এই দুজনের সম্পর্কে দারুণ খুশি। পরিবারের সদস্যরা খুব সৌভাগ্যবান, তাঁরা একে অপরকে পেয়েছেন এবং বিশেষ করে মহামারির সময়ে একে অপরের পাশে থাকতে পেরেছেন।
সারা আরও বলেন, যদিও পরিবার ভেবেছিল যে তাঁরা বয়সের কারণে হয়তো বিয়ে করবেন না। তবুও যখন তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিলেন, সেটি তাঁদের জন্য ছিল একটা বড় চমক।
সারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের দিন বলেন, পৃথিবীতে এত দুঃখ এবং ভয়ের মাঝে, এমন কিছু শেয়ার করতে পারা সত্যিই সুন্দর; যা মানুষকে আনন্দ দেয়। আজ আমার ১০০ বছর বয়সী দাদা তাঁর ১০২ বছর বয়সী বান্ধবীকে বিয়ে করলেন! তাঁরা দুজনই তাঁদের প্রথম সঙ্গীর সঙ্গে ৬০ বছরের বেশি সময় ধরে বিবাহিত ছিলেন এবং এখন ১০০ বছর বয়সে আবার ভালোবাসা খুঁজে পেয়েছেন।

এই দম্পতি একসঙ্গে খাবার ভাগাভাগি করে খেয়ে এবং বয়স্কদের এই কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছেন। বার্নি তাঁর দীর্ঘ জীবনের রহস্য হিসেবে বই পড়া এবং বর্তমান বিষয়ে আপডেট থাকার কথা বলেছেন। আর মার্জোরি তাঁর দীর্ঘায়ুর রহস্য হিসেবে উল্লেখ করেছেন বাটার মিল্কের কথা।
তাঁরা একে অপরের রসবোধ এবং বুদ্ধিমত্তা খুব পছন্দ করেন। সারা বলেন, তাঁরা একে অপরকে তরুণ ও উজ্জীবিত রাখতে সহায়তা করেন।

মার্জোরির নিজের কোনো সন্তান নেই, তবে এই বিয়ের মাধ্যমে তিনি বার্নির দুই সন্তান এবং ১৩ জন নাতি-পুতিকে পেয়েছেন।
বিয়ের অনুষ্ঠানটি তাঁদের সেই বয়স্কদের বসবাসের জায়গাতেই হয়, যেখানে তাঁদের প্রথম পরিচয়। বার্নির স্বজনদের উপস্থিতিতে তাঁদের দুজনকেই হুইলচেয়ারে করে বিয়ের অনুষ্ঠানে নিয়ে আসা হয়।

ইহুদি হওয়ায় তাঁদের বিয়ে পরিচালনা করেন রাবি অ্যাডাম ওলবার্গ। তিনি তাঁর ভাষণে বলেন, ‘তোমরা দুজনই ইতিমধ্যেই জ্ঞান ও অভিজ্ঞতায় পূর্ণ জীবন কাটিয়েছ। তোমাদের মধ্যে একে অপরের প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা তৈরি হয়েছে, তা আর বদলাবে না।’
ওলবার্গ স্কাই নিউজকে বলেন, ‘এই দম্পতি শেষ পর্যন্ত এমন একপর্যায়ে পৌঁছেন, যেখানে শুধু ঘনিষ্ঠ বন্ধু হয়ে থাকা নয়, বরং স্বামী-স্ত্রী হওয়াটাই সঠিক পদক্ষেপ বলে মনে হয়েছিল।’
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
৯ ঘণ্টা আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
৫ দিন আগে
বেলজিয়ামের এক শান্ত গ্রাম জিঞ্জেম। গত শুক্রবার রাত পর্যন্তও গ্রামটি ছিল আর দশটা সাধারণ ইউরোপীয় জনপদের মতো। কিন্তু একটি লটারির টিকিট রাতারাতি এই গ্রামের ২১ জন বন্ধুর ভাগ্য বদলে দিয়েছে। ‘ইউরোমিলিয়নস’ জ্যাকপটে ১২৩ দশমিক ৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৪৫ মিলিয়ন ডলার) জিতে এখন তাঁরা গোটা বিশ্বের সংবাদ শিরোনামে।
৬ দিন আগে