Ajker Patrika

অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা

আজকের পত্রিকা ডেস্ক­
অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা
অতিরিক্ত বায়ুত্যাগই বাড়ির বায়ুদূষণের কারণ বলে দাবি দম্পতির। ছবি: গো ফান্ড মি

অতিরিক্ত শারীরিক বায়ু ত্যাগের কারণে ঘরের বাতাস দূষিত হচ্ছে—এমন অদ্ভুত অভিযোগে বাড়িওয়ালার কাছ থেকে বাসা খালি করার নোটিশ পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কানাডার টরন্টোর এক কৌতুকশিল্পী দম্পতি।

এস ই গ্রামাট এবং স্যাম ক্রুগার নামের ওই কমেডিয়ান দম্পতি গত ২৯ অক্টোবর টরন্টোর ‘ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ড’-এর গণশুনানিতে এই উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন।

‘ক্রিপি বয়েজ’ (Creepy Boys) মঞ্চ নামে কৌতুক পরিবেশন করা এই দম্পতি টরন্টোর একটি দুই তলা ডুপ্লেক্স বাড়ির নিচতলা এবং আংশিক বেসমেন্ট ভাড়া নিয়ে থাকতেন। বাড়িটির ওপরের তলায় বসবাস করেন খোদ বাড়িওয়ালা।

বাড়িওয়ালার দাবি, ওই দম্পতি ঘরের ভেতরে অবৈধভাবে ধূমপান করেন, যার কারণে এয়ার কোয়ালিটি মনিটর বা বাতাস মাপার যন্ত্রে বিপজ্জনক মাত্রার ধোঁয়া ও রাসায়নিক উপাদান ধরা পড়ছে।

তবে কৌতুকশিল্পী দম্পতি ধূমপানের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, মনিটরে কোনো ধূমপানের অস্তিত্ব ধরা পড়েনি, বরং তাঁদের পেট থেকে নির্গত অতিরিক্ত বায়ুর ফলেই যন্ত্রে বাতাসের মান খারাপ দেখাচ্ছে।

সহযোগিতা চেয়ে আইনি লড়াইয়ের তহবিল সংগ্রহের ওয়েবসাইট ‘গো-ফান্ড-মি’-তে দম্পতি লেখেন, ‘আমাদের ঘরে অতিরিক্ত বায়ু ত্যাগের কারণে আমাদের অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। এটি সত্যি কোনো রসিকতা নয়। আমরা সত্যিই চাইতাম, এটা যদি কেবল নিছক একটা কৌতুক হতো!’

তাঁরা আরও বলেন, বাড়িওয়ালা ব্যক্তিগত ব্যবহারের অজুহাতে আমাদের উচ্ছেদ করতে চান। কিন্তু প্রকৃতপক্ষে ভাড়াটিয়া হিসেবে নিজেদের আইনি অধিকার নিয়ে কথা বলায় এবং এয়ার মনিটরের তথ্যের ভুল ব্যাখ্যার ভিত্তিতেই বাড়িওয়ালা এই পদক্ষেপ নিয়েছেন।

দীর্ঘ পাঁচ বছর যাবৎ যাযাবরের মতো বিভিন্ন স্থানে শো করে এবং ট্রাভেল ব্যাগে দিন কাটানোর পর ১০ মাস আগে এই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন দম্পতি।

তবে ২০২৫ সালের ডিসেম্বরে বাড়িওয়ালা জানান তিনি ফুসফুসের দীর্ঘমেয়াদি জটিলতায় ভুগছেন এবং তাঁর ঘরের বাতাসের মান খারাপ হচ্ছে। যেহেতু যৌথ ভেন্টিলেশন বা এয়ার ডাক্ট সিস্টেমের মাধ্যমে উভয় তলার বাতাস প্রবাহিত হয়, তাই তিনি নিচতলার ভাড়াটিয়াদেরও এই বিষয়ে সতর্ক করেন।

ঘরের ক্ষতিকারক ভোলাটাইল অরগানিক কম্পাউন্ড (ভিওসি) বা গ্যাসীয় উপাদানের উৎস শনাক্ত করতে দম্পতি রুম ফ্রেশনার, সুগন্ধি মোমবাতি এবং বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর ব্যবহার বন্ধ করেন।

পরবর্তীতে জনস্বাস্থ্যবিষয়ক এক বিশেষজ্ঞের পরামর্শে তাঁরা জানতে পারেন, এয়ার মনিটরে ব্যবহৃত কিছু আধুনিক সেন্সর মানুষের বিপাক ক্রিয়া বা বায়ুত্যাগের সংস্পর্শে এলেও উচ্চ মাত্রার রাসায়নিক উপস্থিতির সংকেত দিতে পারে। রাতে দুজনের ঘুমের সময় বায়ুর নির্গমন বৃদ্ধি পাওয়ায় সেন্সরে লাফিয়ে দূষণের মাত্রা বাড়ত বলে তাঁদের দাবি।

বাড়িওয়ালা খরচের অজুহাতে বায়ুদূষণ বিশেষজ্ঞ এনে সঠিক পরীক্ষা করাতে রাজি না হওয়ায় বিষয়টি গড়ায় আদালতে। বর্তমানে এই দম্পতি আইনি খরচ মেটাতে ‘গো-ফান্ড-মি’-এর মাধ্যমে ৩ হাজার ৪০০ কানাডিয়ান ডলার (প্রায় ২.২৬ লাখ ভারতীয় রুপি) সংগ্রহ করেছেন।

মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি ও টরন্টোর ল্যান্ডলর্ড বোর্ডের রায় না হওয়া পর্যন্ত অ্যাপার্টমেন্ট ছাড়তে নারাজ এই কৌতুকশিল্পী দম্পতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত