
বিএনপি, যুবদল ও জামায়াতের তিনজন নেতা মিলেমিশে এক ব্যবসায়ীর ইজারা নেওয়া রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্ক দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের ১০ আগস্ট থেকে পার্কটিতে নিয়ন্ত্রণ হারিয়েছেন আনোয়ার হোসেন নামের ওই ইজারাদার। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। পার্কটির নিয়ন্ত্রণ হারানোর পাঁচ দিন আগে আওয়ামী সরকারের পতনের দিন থেকেই তিনি পলাতক। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহীতে একাধিক মামলা হয়েছে আনোয়ারের নামে।
শহীদ জিয়া শিশুপার্কটি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক)। ইজারাগ্রহীতা আনোয়ারের প্রতিষ্ঠানের নাম মেসার্স উম্মে রোমান এন্টারপ্রাইজ। বর্তমানে পার্কটি পরিচালনা করছেন স্থানীয় জামায়াত নেতা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাকিলুর রহমান, শাহমখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান এবং নগর যুবদলের সদস্য আরিফুজ্জামান সোহেল।
পার্কটি বেদখল হয়ে যাওয়ায় ইজারাগ্রহীতা আনোয়ার ১১ মার্চ রাসিকের সচিবের দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, পার্কটি বাংলা ১৪৩১, ১৪৩২ ও ১৪৩৩ বঙ্গাব্দের মেয়াদে ইজারাপ্রাপ্ত হয়ে তিনি যথাযথভাবে পরিচালনা করছিলেন। ২০২৪ সালের ১০ আগস্ট থেকে এ পর্যন্ত পার্কটি সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র অবৈধভাবে দখল করে নেয়। এতে তিনি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তিনি তাঁকে পার্ক বুঝিয়ে দেওয়ার আবেদন জানান।
শাকিলুরের বিরুদ্ধে পার্ক দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, ‘শাকিল পলিটেকনিক শিবিরের সাবেক সভাপতি, এটা অনেক আগের কথা। এখন তিনি আমাদের সমর্থক। আমরা জানি, পার্ক তিনি কারও কাছ থেকে ইজারা নিয়েছেন। দখলের বিষয়ে জানা নেই।’
গতকাল রোববার সকালে পার্কের প্রধান ফটক দিয়ে ঢুকতেই দেখা যায়, বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলের পার্কিংয়ের জন্য স্লিপ দিয়ে টাকা নিচ্ছেন হাসিবুল ইসলাম নামের এক ব্যক্তি। হাসিবুল জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শাকিলুর, নাসিম ও আরিফুজ্জামান পার্কটি পরিচালনা করছেন।
পার্কে পাওয়া যায় ব্যবস্থাপক নাজমুল মুজাহিদ হোসেনকে। তিনি জানান, পার্কের আয়ের অর্থ নিয়ে যান শাকিলুর, নাসিম ও আরিফুজ্জামান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা আরিফুজ্জামান বলেন, ‘শাকিল নাকি পার্ক ইজারাদারের কাছ থেকে বুঝে নিয়েছে। কিছু সংস্কারকাজের জন্য তখন আমি ১৯ লাখ ৫০ হাজার টাকা দিয়েছি। কিন্তু শাকিল কোনো হিসাব দেয় না, লাভও দেয় না।’
বিএনপি নেতা নাসিম বলেন, ‘পার্ক দখলের অভিযোগ সঠিক না। ইজারা নেওয়া প্রতিষ্ঠান আওয়ামী লীগের দোসর, খুনি। সিটি করপোরেশনকে কিস্তি না দিয়েই পালিয়েছে। আমরা কিস্তি পরিশোধ করে আসছি। সেই রসিদও আমাদের কাছে আছে।’
জামায়াত নেতা শাকিলুর বলেন, ‘ইজারা গ্রহণকারী আনোয়ার ৫ আগস্টের পরও এলাকায় ছিলেন। আওয়ামী লীগের সবাই তো পলাতক না। তখন সে পার্ক চালাতে পারবে না বলে আমাদের জানান। ওই সময় আমরা অ্যাফিডেভিট করে তাঁর কাছ থেকে পার্ক নিয়েছি। সিটি করপোরেশনের কিস্তিও আমরা দিয়ে আসছি। শেষ দুটি কিস্তি দিতে পারিনি। এ জন্য সে অভিযোগ করেছে। তাঁর সঙ্গে কথা হয়েছে। এটা ভুল-বোঝাবুঝি।’

যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া অনেকের কাছেই ‘ড্রিম’। আর এই স্বপ্ন পূরণ করতে একেক জন আবেদন করেন একেক যোগ্যতায়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দেখা গেল দারুণ এক তথ্য। বিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা ঝুঁকছেন দেশটির ভিসা নিতে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের আয়োজনে সম্মেলনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরবেন। কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
১৬ ঘণ্টা আগে
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছ
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
৪ দিন আগে