
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
ওরাকলের সিনিয়র ম্যানেজার মাইকেল শেফার্ড মঙ্গলবার লিংকডইন-এ লেখেন, ‘সিনিয়র ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, অপারেশনস লিডার, প্রোগ্রাম ম্যানেজার এবং কারিগরি বিশেষজ্ঞদের’ চাকরিচ্যুত করা হয়েছে। শেফার্ড এই ছাঁটাইয়ের আওতায় পড়েননি। তিনি আরও জানান, এই ছাঁটাই কর্মীদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে করা হয়নি।
তবে এ বিষয়ে ওরাকল কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ওরাকল বর্তমানে অভ্যন্তরীণ কার্যক্রমে এআই টুলের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। এর আগে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন, এআই ব্যবহারের ফলে কম কর্মী দিয়ে এখন অনেক বেশি কাজ করা যাচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে ওরাকলের সহপ্রধান নির্বাহী মাইক সিলিচিয়া বলেন, ‘ওরাকলের ভেতরে এআই কোডিং টুলের ব্যবহার প্রকৌশলীদের ছোট দলগুলোকে আরও দ্রুত গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ সমাধান তৈরিতে সাহায্য করছে।’
সিলিচিয়া আরও জানান, এআই টুলগুলো বিক্রয় সম্ভাবনা (সেলস লিড) বৃদ্ধি এবং ওরাকলের সেবা স্বয়ংক্রিয়ভাবে বিক্রির নতুন পথ তৈরি করেছে। এমনকি প্রতিষ্ঠানের নতুন ওয়েবসাইট তৈরিতেও এআই ব্যবহার করা হয়েছে।
ওরাকলের অভ্যন্তরীণ মেসেজিং সিস্টেম ‘স্ল্যাক’-এ সক্রিয় কর্মীর সংখ্যা কমে যাওয়ার তথ্য উল্লেখ করে একজন কর্মী বিবিসিকে জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ চাকরি হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শেফার্ড তাঁর পোস্টে লিখেছেন, ‘যাদের ছাঁটাই করা হয়েছে, তাঁদের ব্যক্তিগত কোনো দায় বা পারফরম্যান্সের কারণে এটি করা হয়নি।’
ওরাকলের সাবেক কর্মী কেন্ডাল লেভিন লিংকডইনে লিখেছেন, প্রতিষ্ঠানের ‘গণ-ছাঁটাইয়ের অংশ হিসেবে তাঁর পদটি বিলুপ্ত করা হয়েছে।’ তবে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে তিনি এখনো ইতিবাচক।
আরও বেশ কয়েকজন জানিয়েছেন, মঙ্গলবার ভোরে তাঁরা ইমেইল পেয়েছেন। সেখানে লেখা আছে, তাঁদের চাকরি নেই এবং এক মাসের বেতন (severance pay) পাবেন।
ওরাকলের এই বড় ছাঁটাইয়ের গুঞ্জন বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল। এআই ব্যবহারের মাধ্যমে কম কর্মী দিয়ে বেশি কাজ করার এই ধারা মেটার মার্ক জাকারবার্গ এবং ব্লকের জ্যাক ডরসির মতো প্রযুক্তি নেতাদের বক্তব্যের সঙ্গে মিলে যায়। এ বছর এই দুই প্রতিষ্ঠানের প্রধানরাও বড় ছাঁটাই কার্যক্রম চালিয়েছেন। তবে প্রযুক্তি খাতে গত কয়েক বছর ধরেই নিয়মিত গণ-ছাঁটাই চলছে, যার সবগুলোর পেছনে আগে এআইকে দায়ী করা হয়নি। এ বছর অ্যামাজন, পিন্টারেস্ট ও এপিক গেমসের মতো প্রতিষ্ঠানগুলোও কর্মী ছাঁটাই করেছে।
বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল অন্যান্য কোম্পানিকে সফটওয়্যার এবং ক্লাউড কম্পিউটিং অবকাঠামো সরবরাহ করে। এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং সিটিও হলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ল্যারি এলিসন।
প্রতিষ্ঠানটি বর্তমানে নিজেদের অবকাঠামো উন্নয়ন এবং ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এআই খাতে বিশাল বিনিয়োগ করছে। এ বছর অবকাঠামো খাতে অন্তত ৫০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে এবং এআই অবকাঠামোর চাহিদা মেটাতে আরও ৫০ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে তারা।
ওরাকল বর্তমানে ‘স্টারগেট’ প্রকল্পেরও অংশীদার। ওপেনএআই, সফটব্যাংক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত এআই বিনিয়োগ তহবিল এমজিএক্স-এর সঙ্গে মিলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্টারগেট হলো যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার তৈরির ৫০০ বিলিয়ন ডলারের একটি বিশাল প্রকল্প। উদ্যোক্তাদের মতে, আগামী কয়েক বছরে এআই প্রসেসিং ও বিদ্যুতের চাহিদা মেটাতে এই প্রকল্প অত্যন্ত জরুরি।
ওরাকলের সহপ্রধান নির্বাহী ক্লেটন ম্যাগুইর্ক এই মাসের শুরুতে বলেন, ‘এআই অবকাঠামোতে বিনিয়োগ অত্যন্ত ব্যয়বহুল, তবে আমাদের ব্যবসায়িক মডেলটি মুনাফা নিশ্চিত করার জন্য অপ্টিমাইজ করা হয়েছে। এত দ্রুত বিশাল পুঁজি বিনিয়োগ করে ব্যবসা সম্প্রসারণ করা নজিরবিহীন।’
এদিকে এই ছাঁটাই ও বিনিয়োগ বাড়ানোর পর গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৬ শতাংশ বেড়েছে।

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
২ ঘণ্টা আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
১ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
১ দিন আগে
কিউআর কোড আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। একসময় এটি মোবাইল ফোন দিয়ে স্ক্যান করে নির্দিষ্ট তথ্য বা ওয়েবসাইট পাওয়া যেত। প্রথম দিকে এর ব্যবহার বেশ সীমিত থাকলেও ধীরে ধীরে সবখানে ছড়িয়ে পড়ে।
১ দিন আগে