
ওপেনএআই তাদের কিছু উন্নত এআই মডেলকে একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত পরীক্ষামূলক ব্যবস্থার মধ্যে রেখে পরীক্ষা করছিল। কিন্তু পরীক্ষার সময় ওই এআই মডেলগুলো সেই নির্ধারিত সীমার বাইরে গিয়ে সাইবার হামলা চালানোর মতো ঘটনা ঘটিয়েছে। এই ঘটনাকে প্রযুক্তিশিল্পের জন্য একটি ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন হাগিং ফেসের সহপ্রতিষ্ঠাতা থমাস উলফ। তাঁর প্রতিষ্ঠানের নেটওয়ার্কেই ওই হামলা চালানো হয়েছিল।
আজ বৃহস্পতিবার বিবিসির ‘নিউজডে’ রেডিও অনুষ্ঠানে উলফ বলেন, ভবিষ্যতে এই ধরনের হামলা সাইবার আক্রমণের অন্যতম সাধারণ ধরন হয়ে উঠতে পারে। অধিকাংশ প্রতিষ্ঠান এখনো বুঝতে পারছে না, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ‘খেলার নিয়ম বদলে গেছে’।
হাগিং ফেস বিশ্বের অন্যতম বৃহৎ ওপেন-সোর্স এআই মডেল শেয়ারিং প্ল্যাটফর্ম। প্রযুক্তি নির্মাতা, গবেষক ও ডেভেলপাররা নিয়মিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন।
ওপেনএআই গত মঙ্গলবার জানায়, একটি পরীক্ষার সময় তাদের কিছু এআই মডেল নিরাপদ পরীক্ষামূলক পরিবেশ থেকে বেরিয়ে গিয়ে সাইবার হামলা চালায়। প্রতিষ্ঠানটি ঘটনাটিকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছে এবং এ বিষয়ে হাগিং ফেসের সঙ্গে যৌথভাবে তদন্ত করছে। এই বিষয়ে বিবিসি ওপেনএআইয়ের মন্তব্য চেয়েছে।
উলফ জানান, জুলাইয়ের মাঝামাঝি সময়ে হাগিং ফেসের নেটওয়ার্কে অস্বাভাবিক তৎপরতার লক্ষণ দেখা গেলেও শুরুতে তাঁরা বুঝতে পারেননি হামলাটি কোথা থেকে এসেছে। তবে দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁরা হামলা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে ওপেনএআই তাঁদের জানায়, তাঁদেরই এআই মডেলগুলো এই আক্রমণের পেছনে ছিল।
হাগিং ফেসের প্রধান বিজ্ঞান কর্মকর্তা উলফ বলেন, হামলাটি তাদের নিয়মিত সাইবার আক্রমণের চেয়ে ‘খুবই ভিন্ন’ ছিল। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন ইন্টারনেট প্রটোকল (আইপি) ঠিকানা থেকে হাগিং ফেসের নেটওয়ার্কে প্রায় ১৭ হাজার হামলা চালানো হয়।
উলফ আরও বলেন, এ ঘটনা বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানকেও সতর্ক করছে। এই ধরনের আক্রমণ মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সাইবার নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।
মেশিন ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউটের নেট সোয়ারেস বলেন, ঘটনাটি উদ্বেগজনক। কারণ, এতে ধারণা করা হচ্ছে, এআই মডেলগুলো সাইবার হামলা ঠেকানোর জন্য তৈরি প্রচলিত নিরাপত্তাব্যবস্থা উপেক্ষা করতে সক্ষম হয়েছে। তাঁর ভাষায়, মডেলটি হয়তো বুঝেছিল যে কাজটি তার নির্মাতাদের উদ্দেশ্যের বিরুদ্ধে। তারপরও সে বিষয়টি উপেক্ষা করেছে।
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির এআই সিকিউরিটি ইনস্টিটিউট ঘটনাটি বিশ্লেষণ করছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারে ওপেনএআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।
এদিকে, এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই চীনের ওপেন-সোর্স মডেল নিয়েও আলোচনা চলছে। চীনা স্টার্টআপ মুনশট এআই ২৭ জুলাই তাদের ‘কিমি কে৩’ মডেল উন্মুক্ত করার কথা জানিয়েছে। তবে হোয়াইট হাউসের এক উপদেষ্টা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শীর্ষ মার্কিন এআই মডেলের সক্ষমতা চুরির ‘বড় ধরনের’ প্রচেষ্টার অভিযোগ তুলেছেন।

সিকিউরিটি টেস্টের বা নিরাপত্তা পরীক্ষা সময় নিজেদের অত্যন্ত উন্নত কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এরপর সেই এআই মডেলগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি স্টার্টআপ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি নিজেই।
১ দিন আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্সের আইনপ্রণেতারা। গতকাল মঙ্গলবার এই ভোট গ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য এমন বয়সসীমা নির্ধারণ করল ফ্রান্স।
১ দিন আগে
২০১৬ সালের কথা। দেশের গমচাষিরা হয়তো এখনো ভুলে যেতে পারেননি সেই দুঃস্বপ্নের কথা। একদিন সকালে তাঁরা খেতে গিয়ে দেখতে পেলেন, সবুজ-সোনালি শিষগুলো রাতারাতি সাদা হয়ে গেছে। প্রথমে কেউ বুঝতেই পারেননি কী হয়েছে। পরে জানা গেল, এশিয়ার মাটিতে এই প্রথম হানা দিয়েছে গমের ব্লাস্ট রোগ।
২ দিন আগে
সৃষ্টির জন্য বয়স যে কোনো সমস্যা নয়, তার বহু উদাহরণ আছে পৃথিবীতে। এর সাম্প্রতিক উদাহরণ মানা জাম্পালা। এআই প্রযুক্তির যুগে জন্ম ও বেড়ে ওঠা মানা যে এই প্রযুক্তিতে কিছু করে ফেলবে, সেই রাস্তা যেন তৈরিই ছিল।
২ দিন আগে