
এনভিডিয়া নতুন একটি চিপ উন্মোচন করেছে। এই চিপটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতাকে সরাসরি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের ভেতরে নিয়ে আসবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি), ইন্টেল এবং অ্যাপলের সঙ্গে আরও সরাসরি প্রতিযোগিতায় নামল।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং আজ সোমবার বলেন, আরটিএক্স স্পার্ক পিসি চিপটি এআই যুগের জন্য পিসিকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে মাইক্রোসফটের সঙ্গে এনভিডিয়ার যৌথ প্রচেষ্টার অংশ। তিনি জানান, এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে তিন বছর ধরে সহযোগিতা চলছে। হুয়াং বর্তমানে কম্পিউটেক্স সম্মেলনে অংশ নিতে তাইওয়ানে অবস্থান করছেন।
চিপ শিল্পবিশেষজ্ঞদের মতে, নতুন এই চিপ এআই ব্যবহারের ধরনই বদলে দিতে পারে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এআই এজেন্টগুলো কেবল ক্লাউড কম্পিউটিংয়ের ওপর নির্ভর না করে স্থানীয় ডিভাইসেই (লোকালি) কাজ করতে পারে। হুয়াং জানান, তাইওয়ানের মিডিয়াটেকের সহযোগিতায় এনভিডিয়া আরটিএক্স স্পার্ক চিপটি তৈরি করেছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের সহপ্রতিষ্ঠাতা নীল শাহ বলেন, ‘আরটিএক্স স্পার্ক অ্যাপভিত্তিক পিসিকে সত্যিকারের কার্যকর এজেন্টিক এআই পার্সোনাল কম্পিউটারে রূপান্তরিত করতে পারে। আগামী কয়েক বছরে যখন পার্সোনাল বা ব্যক্তিগত এজ এআই এজেন্টগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তখন এই ধরনের কম্পিউটার প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যাবে।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত কম্পিউটিং খাতের জন্য এটি ‘আরটিএক্স স্পার্ক মোমেন্ট’ হতে যাচ্ছে, ঠিক যেভাবে আইফোন, চ্যাটজিপিটি কিংবা ডিপসিক নিজেদের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছিল।’
হুয়াং জেনসেন বলেন, ‘দুই বছর আগে আমরা বলেছিলাম, এআই মানুষের সঙ্গে কম্পিউটারের যোগাযোগের ধরন বদলে দেবে এবং এর ফল হিসেবে আমাদের সব ব্যক্তিগত কম্পিউটিং ডিভাইসের স্থাপত্যও পরিবর্তিত হবে। ২০২৬ সালে সেই বাস্তবতা স্পষ্টভাবে দেখা দিতে শুরু করেছে। এ কারণেই আমরা ২০২৬ সালকে ‘এজেন্টের বছর’ বলে অভিহিত করছি।’
তিনি বলেন, শিল্প এখন এমন এক পর্যায়ে এগিয়ে যাচ্ছে, যেখানে এআই শুধু প্রশ্নের উত্তর দেওয়া একটি সরঞ্জাম থাকবে না; বরং এটি পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় এজেন্টে পরিণত হবে।
এই চিপের বিষয়ে কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিয়ানো আমোন বলেন, এজেন্টিক এআইয়ের উত্থানের ফলে স্থানীয় বা এজ কম্পিউটিং এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ, বর্তমান ডিভাইস স্থাপত্য কখনোই সার্বক্ষণিক সক্রিয় ও স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত ব্যবস্থার জন্য তৈরি করা হয়নি। আমোন বলেন, ‘বর্তমানের সব ডিভাইস ব্যবহারকারীর নির্দেশে কাজ করার জন্য তৈরি হয়েছে, এজেন্টের উদ্যোগে কাজ করার জন্য নয়।’
তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানে জন্ম নেওয়া হুয়াং গত সপ্তাহে ঘোষণা দেন, তিনি প্রতি বছর প্রায় ১৫০ বিলিয়ন ডলার তাইওয়ানে বিনিয়োগের পরিকল্পনা করছেন। তিনি তাইওয়ানকে এআই বিপ্লবের কেন্দ্রস্থল বলে অভিহিত করেন।

২০১৬ সালের কথা। দেশের গমচাষিরা হয়তো এখনো ভুলে যেতে পারেননি সেই দুঃস্বপ্নের কথা। একদিন সকালে তাঁরা খেতে গিয়ে দেখতে পেলেন, সবুজ-সোনালি শিষগুলো রাতারাতি সাদা হয়ে গেছে। প্রথমে কেউ বুঝতেই পারেননি কী হয়েছে। পরে জানা গেল, এশিয়ার মাটিতে এই প্রথম হানা দিয়েছে গমের ব্লাস্ট রোগ।
১৩ ঘণ্টা আগে
সৃষ্টির জন্য বয়স যে কোনো সমস্যা নয়, তার বহু উদাহরণ আছে পৃথিবীতে। এর সাম্প্রতিক উদাহরণ মানা জাম্পালা। এআই প্রযুক্তির যুগে জন্ম ও বেড়ে ওঠা মানা যে এই প্রযুক্তিতে কিছু করে ফেলবে, সেই রাস্তা যেন তৈরিই ছিল।
১৪ ঘণ্টা আগে
সাধের ওয়াই-ফাই কানেকশনটি হুটহাট স্লো হয়ে যাওয়া কিংবা বাফারিং করা এক চরম বিরক্তিকর অভিজ্ঞতা। অনেক সময় আমরা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা রাউটারকে দোষ দিই। কিন্তু ১৯৯৩ সালে বিশ্বের প্রথম বড় ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরির কারিগর কার্নেগি মেলন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালেক্স হিলস জানান...
১৪ ঘণ্টা আগে
আদিগন্ত অন্ধকার আর হাড়কাঁপানো ঠান্ডা। চারপাশে নিঃসীম শূন্যতা, নেই কোনো সাড়াশব্দ। আমাদের চেনা পৃথিবী থেকে প্রায় ৫ দশমিক ৯ বিলিয়ন মাইল দূরে সৌরজগতে একাকী ভাসছে একটি মানবসৃষ্ট বস্তু। ২০২৫ সালের আগস্ট থেকে সেটি নিথর অবস্থায় ছিল। কোনো শক্তি নেই, কোনো সাড়া নেই।
১৫ ঘণ্টা আগে