Ajker Patrika

ভারতে তামিম নেই আইসিসির সভায়, বিসিবির তথ্য নেবে আইসিসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩১ মে ২০২৬, ২২: ১২
ভারতে তামিম নেই আইসিসির সভায়, বিসিবির তথ্য নেবে আইসিসি
তামিম ইকবাল নেই আইসিসির বোর্ড সভায়। ছবি: বিসিবি

ভারতের আহমেদাবাদে আজ আইপিএল ফাইনালের দিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক বোর্ড সভায় অনুপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। আইসিসির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের এ সভায় সাধারণত পূর্ণ সদস্যগুলোর বোর্ডপ্রধানেরা থাকেন। বিসিবির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হলেও তাঁর ভূমিকা অনেকটা পর্যবেক্ষকের মতো।

আইনি জটিলতায় কি তবে তামিম অনুপস্থিত আইসিসির বোর্ড সভায়—এ রকম একটি আলোচনার পরিপ্রেক্ষিতে বিসিবি আজ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিসি বোর্ড ও আইসিসি বিজনেস করপোরেশন বোর্ডে বিসিবির প্রতিনিধিদের মনোনয়ন ৭ জুন নির্বাচন প্রক্রিয়া শেষে দেওয়া হবে। তামিম যে এই মুহূর্তে আইসিসির বোর্ড সভায় থাকতে পারবেন না, সেটা ধারণা করা হচ্ছিল আরও আগেই। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিমকে অ্যাডহক কমিটির প্রধান করার পরও আইসিসির ওয়েবসাইটে এখনো আমিনুল ইসলাম বুলবুলকে বোর্ড অব ডিরেক্টরসের সদস্য বলা হচ্ছে।

জানা যায়, দাপ্তরিকভাবে অ্যাডহক কমিটির প্রধান হিসেবে তামিমের ‘ইন্ডাকশন প্রসেস’ (সূচনা প্রক্রিয়া) হয়নি আইসিসিতে। বিসিবির মনোনীত প্রতিনিধি হিসেবে তামিম যখন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আইসিসিতে যেতে পারবেন, আনুষ্ঠানিকভাবে বিসিবির প্রতিনিধি হিসেবে পরিচিত হতে পারবেন, আইসিসির নির্দিষ্ট শর্ত ও আচরণবিধিতে সই করতে পারবেন, তখনই তিনি আইসিসির বোর্ড অব ডিরেক্টরসের তালিকায় নাম তোলার যোগ্যতা অর্জন করবেন। তার আগে আইনি জটিলতায় তিনি আইসিসির বোর্ড সভায় অংশ নিতে পারবেন না।

আইসিসির সভায় বোর্ড প্রধানের অনুপস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবি আজ জানিয়েছে, আইসিসির একটি প্রতিনিধিদল আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ সফর করতে পারে। প্রতিনিধিদলটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবে এবং আইসিসি বোর্ডকে অবহিত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। বিসিবির নির্বাচন দেখতে আইসিসির প্রতিনিধি দলের আসার ঘটনা বিরলই বটে। তবে সূত্র জানিয়েছে, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন আগের পরিচালনা পর্ষদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকায় প্রতিনিধি পাঠাচ্ছে আইসিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত