মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল স্পেসএক্স, সেগুলোর কাজ কী

মহাকাশে ডেটা সেন্টার তৈরি করতে পৃথিবীর কক্ষপথে ১০ লাখ (এ মিলিয়ন) স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেয়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) স্থানীয় সময় গতকাল বুধবার প্রথমবারের মতো এ ধরনের প্রকল্পের অনুমোদন দেয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ‘স্টারমাইন্ড’ নামের এই প্রকল্পের আওতায় স্যাটেলাইটগুলো সূর্যের আলো থেকে শক্তি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণ করবে। পরে প্রক্রিয়াজাত তথ্য পৃথিবীতে পাঠানো হবে। এফসিসির দাবি, প্রকল্পটি যুক্তরাষ্ট্রের দ্রুত বিকাশমান সুপার ইন্টেলিজেন্স তথা এআই অর্থনীতিকে সহায়তা করবে।
স্পেসএক্সের মতে, এআইয়ের জন্য ক্রমবর্ধমান কম্পিউটিং ক্ষমতার চাহিদা মেটাতে মহাকাশে ডেটা সেন্টার তৈরি সবচেয়ে সাশ্রয়ী ও জ্বালানিসাশ্রয়ী উপায়। প্রতিষ্ঠানটির দাবি, এই চাহিদা পৃথিবীর বিদ্যমান সক্ষমতার সীমা ছাড়িয়ে যাচ্ছে।
এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেছেন, প্রকল্পটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নেতৃত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় কম্পিউটিং অবকাঠামোর নতুন দিগন্ত উন্মোচন করবে। ঘোষণার পর ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এটি যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বড় সম্পদ হয়ে উঠবে।
এফসিসির লাইসেন্স অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে মোট স্যাটেলাইটের ১০ শতাংশ এবং ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে ৫০ শতাংশ কক্ষপথে স্থাপন করতে হবে। স্পেসএক্স আগামী বছর প্রথম স্টারমাইন্ড স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা জানিয়েছে। তবে শেষ পর্যন্ত ১০ লাখ স্যাটেলাইটই পাঠানো হবে কি না, তা স্পষ্ট নয়।
স্টারমাইন্ডের স্যাটেলাইটগুলো পৃথিবীর ৫০০ থেকে ২ হাজার কিলোমিটার উচ্চতায় নিম্ন কক্ষপথে অবস্থান করবে। স্পেসএক্সের বিদ্যমান স্টারলিংক নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করে স্যাটেলাইটগুলো তথ্য পৃথিবীতে পাঠাবে। বর্তমানে ১০ হাজারের বেশি স্যাটেলাইটের মাধ্যমে স্টারলিংক উচ্চগতির ইন্টারনেট সেবা দিচ্ছে।
তবে প্রকল্পটির প্রযুক্তিগত বাস্তবতা নিয়ে প্রশ্ন রয়েছে। সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক স্যার মার্টিন সুইটিং বিবিসি রেডিও ফোরকে বলেন, মহাকাশে ডেটা সেন্টার তৈরি প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও বড় পরিসরে তা কতটা কার্যকর হবে, তা বিশ্লেষণ করা প্রয়োজন। তাঁর মতে, পৃথিবী থেকে স্যাটেলাইটে লেজার সংযোগের মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য আদান-প্রদানের প্রযুক্তি এখনো প্রয়োজনীয় পর্যায়ে উন্নীত হয়নি।
প্রকল্পটির বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (এএএস)। সংস্থাটি বলেছে, স্যাটেলাইটের সংখ্যা ও আকার বাড়লে রাতের আকাশে সেগুলো দীর্ঘ সময় ধরে অত্যন্ত উজ্জ্বলভাবে দৃশ্যমান হবে। এতে জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা এবং সাধারণ মানুষের রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগ ক্ষতিগ্রস্ত হবে। সংস্থাটি আরও বলেছে, এতে জ্যোতির্বিজ্ঞান গবেষণায় কয়েক দশকের সরকারি বিনিয়োগও হুমকির মুখে পড়বে।
পরিবেশবিষয়ক অলাভজনক সংস্থা আর্থজাস্টিসের জ্যেষ্ঠ আইনজীবী জান হাসেলম্যান বলেন, মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর প্রভাব মানুষের দৈনন্দিন জীবন ও পৃথিবীর ভবিষ্যতের ওপর পড়বে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যামাজনও প্রকল্পটির সমালোচনা করেছে। তাদের ভাষায়, এটি বাস্তব পরিকল্পনার চেয়ে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য বেশি।
গুগল ও ব্লু অরিজিনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানও মহাকাশে ডেটা সেন্টার তৈরির সম্ভাবনা নিয়ে কাজ করছে। প্রচলিত ডেটা সেন্টারের বিকল্প হিসেবে এ ব্যবস্থাকে পরিবেশবান্ধব বলা হচ্ছে। কারণ, পৃথিবীর ডেটা সেন্টার পরিচালনায় বিপুল বিদ্যুৎ ও শীতল রাখার জন্য প্রচুর পানি প্রয়োজন হয়। এআইয়ের ব্যবহার বাড়ায় তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের চাহিদাও বেড়েছে। অন্যদিকে, ডেটা সেন্টারের জন্য জায়গা পাওয়া কঠিন হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের বিরোধিতাও বাড়ছে।
তবে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের ক্ষেত্রে বড় বাধা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যন্ত্রপাতি কক্ষপথে পাঠানোর খরচ অনেক বেশি। সেগুলো সুরক্ষিত রাখা, শীতল করা ও বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো তৈরি করাও জটিল। এ ছাড়া মহাকাশে বর্জ্যের পরিমাণ বাড়ায় যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। নিম্ন কক্ষপথে মহাকাশযানের সংখ্যা বাড়লে সংঘর্ষের আশঙ্কাও বাড়বে। এতে যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেঙে যাওয়া অংশ পৃথিবীতে ফিরে আসতে পারে।
এদিকে, স্টারলিংক নেটওয়ার্ক মহাকাশে যানজট তৈরি করছে বলে অভিযোগ রয়েছে। তবে ইলন মাস্ক এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর স্যাটেলাইটগুলো অতিরিক্ত জায়গা দখল করে প্রতিদ্বন্দ্বীদের জন্য মহাকাশে প্রবেশের সুযোগ সংকুচিত করছে, এমন অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তিনি।









