ক্ষমা চাওয়ার পরও শাস্তি পেয়েছেন মার্তিনেস

ম্যানচেস্টার ইউনাইটেডের নীতিনির্ধারকদের কাঠগড়ায় তুলে তোপের মুখে পড়েছেন লিসান্দ্রো মার্তিনেস। অবশেষে ক্ষমাও চাইলেন তিনি। কিন্তু ম্যান ইউনাইটেডের ডিফেন্ডার ক্ষমা চেয়েও পার পেলেন না। শাস্তির মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
সামাজিকমাধ্যমে এক বার্তায় লিসান্দ্রো মার্তিনেস ক্ষমা চেয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তিনি ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু তাতেও কাজ হয়নি। বিবিসির গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, আর্জেন্টিনার ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে। যদিও জরিমানার অঙ্কটা উল্লেখ করা হয়নি।
ওয়ান্দাও মেত্রোপলিতানোতে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের ওপর তোপ দেগেছিলেন। মার্তিনেসের মতে প্রধান কোচ মাইকেল ক্যারিকের হাতে অপর্যাপ্ত খেলোয়াড় নিয়ে গঠিত একটি দল তুলে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
মার্তিনেস এরপর সামাজিকমাধ্যমে ক্ষমাপ্রার্থনা করেছেন। গতকাল এক বিবৃতিতে আর্জেন্টিনার ডিফেন্ডার বলেন, ‘আজ (গতকাল) আমি ক্লাবের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের এবং ম্যানেজারের সঙ্গে দেখা করেছি। আলোচনাটি খুবই ইতিবাচক ছিল। মঙ্গলবারের ম্যাচের পর যা ঘটেছে, তা নিয়ে আমরা নিজেদের মতামত বিনিময় করতে এবং খোলামেলাভাবে কথা বলতে পেরেছি। সবাই জানেন, আমি আবেগপ্রবণ একজন মানুষ এবং ফুটবলকে অত্যন্ত গভীর আবেগ ও তীব্রতার সঙ্গে অনুভব করি। ম্যাচে হারের হতাশা থেকে নিজের অনুভূতি প্রকাশ করেছিলাম। তবে সেটা হয়তো সঠিক সময়ে ও সঠিক জায়গায় বলা হয়নি। তাই ক্ষমা চাইছি।’
২ ম্যাচে ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে এখন ম্যানচেস্টার ইউনাইটেড। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। তিন, চারে থাকা বার্সেলোনা, অ্যাস্টন ভিলারও পয়েন্ট ৬। গোল ব্যবধানও সবার একই। তবু অবস্থান আলাদা।










