Ajker Patrika

ইয়ামালকে মেসির গোসল করানোর ছবি নতুন করে প্রকাশ করল ইউনিসেফ

ক্রীড়া ডেস্ক    
ইয়ামালকে মেসির গোসল করানোর ছবি নতুন করে প্রকাশ করল ইউনিসেফ
লামিনে ইয়ামালকে গোসল করাচ্ছেন লিওনেল মেসি। ছবি: ফেসবুক

বাথটাবে বসা এক শিশুকে গোসল করাচ্ছেন লিওনেল মেসি। মেসি হাসছেন। তাঁকে হাসতে দেখে হাসছে সেই শিশু। এতটুকু শুনে অনেকে ঠিকই বুঝতে পেরেছেন কী সম্পর্কে বলা হচ্ছে। গামলায় বসা সেই শিশু লামিনে ইয়ামাল। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল সামনে রেখে গত কদিন ধরে সামাজিক মাধ্যমে এই ছবিটি এখন নিয়মিত দেখা যাচ্ছে। ইউনিসেফও ফের সেটা প্রকাশ করেছে।

মেসি-ইয়ামালের ভাইরাল ছবিটি মূলত ২০০৭ সালের। ১৯ বছর আগে স্প্যানিশ দৈনিক স্পোর্ত ও ইউনিসেফের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল ছবিটি। বার্সেলোনার মূল দলের খেলোয়াড়েরা সেখানে শিশুদের সঙ্গে ফটোশুটে অংশ নিয়েছিলেন। তৎকালীন বার্সা তারকা মেসির ভাগ্যে জোটে ছয় মাসের ইয়ামাল। ছবিটি তুলেছিলেন আলোকচিত্রী হোয়ান মনফোর্ত।

বিশ্বকাপ ফাইনাল মাঠে গড়াতে যখন বাকি কেবল দুই দিন, সেই মুহূর্তে ইউনিসেফ ১৯ বছরের পুরোনো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। বাথটাবে ইয়ামালকে মেসির গোসল করানোর ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে ইউনিসেফ লিখেছে, ‘হ্যাঁ, আপনি যে ছবিগুলো দেখেছেন, সেগুলো সত্যিই বাস্তব। প্রায় ১৮ বছরেরও বেশি আগে, লামিনে ইয়ামাল যখন ছোট্ট শিশু ছিল, তখন সে এবং তার মা শেইলা ইউনিসেফের একটি তহবিল সংগ্রহের ফটোশুটে লিওনেল মেসির সঙ্গে দেখা করেছিলেন।’

যে ইয়ামালকে মেসি গোসল করিয়েছিলেন, পরশু তাঁরা মুখোমুখি হবেন শিরোপার লড়াইয়ে। মেসিকে নিয়ে নতুন করে বলার প্রয়োজন নেই। ২০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন তিনি। ক্যাবিনেটে কত শিরোপা আছে, তা তিনি নিজেও হয়তো গুনে শেষ করতে পারবেন না। যে বার্সা মেসিকে আজকের মেসি বানিয়েছে, সেই ক্লাবের হয়ে কাঁপাচ্ছেন ইয়ামাল। ২০২৪ সালে ইউরোও জিতেছেন তিনি।

মেসি-ইয়ামালকে প্রশংসায় ভাসিয়ে ইউনিসেফ লিখেছে, ‘আজ মাঠে তাদের কৃতিত্ব কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। আর মাঠের বাইরে, মেসি ও লামিনে ইয়ামাল—দুজনেই ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে বিশ্বের শিশুদের অধিকার, সুরক্ষা ও কল্যাণে আওয়াজ তুলছেন। লক্ষ্য একটাই—পৃথিবীর প্রতিটি শিশু যেন বেঁচে থাকতে পারে, সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং নিজের সর্বোচ্চ সম্ভাবনা অর্জনের সুযোগ পায়। তাঁদের আমাদের দলের অংশ হিসেবে পেয়ে আমরা গর্বিত।’

২০২৪ সালে কোপা ও ইউরোর ফাইনাল যখন দরজায় কড়া নাড়ছিল, তখন ইয়ামালের বাবা মুনির নাসরাউই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেছিলেন। ক্যাপশনে ইয়ামালের বাবা লিখেছিলেন, ‘দুই কিংবদন্তির শুরু।’ মেসি তো কিংবদন্তি হয়ে উঠেছেন। ইয়ামালের পারফরম্যান্সও সেরকম ইঙ্গিত দিচ্ছে। যদিও ভবিষ্যতে কত দূর যেতে পারেন, কী অর্জন করবেন, সেটা সময়ই বলে দেবে। সেবার কলম্বিয়াকে হারিয়ে কোপা শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। আর ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।

নিউজার্সিতে পরশু স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। যদি আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হয়, তাহলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত