Ajker Patrika

নান্দনিকতায় আর্জেন্টিনা-স্পেন শিরোপার লড়াই

রানা আব্বাস, আটলান্টা থেকে
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১০: ০১
নান্দনিকতায় আর্জেন্টিনা-স্পেন শিরোপার লড়াই
শিরোপা ধরে রাখার লক্ষ্যে পরশু নামছে আর্জেন্টিনা। আর স্পেন খেলবে ১৬ বছর পর শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে। এর আগে ২০১০ সালে একবার ফাইনাল খেলে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। ছবি: সংগৃহীত

লুইস দে লা ফুয়েন্তের চাওয়াটাই তাহলে পূরণ হয়েছে। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দেওয়ার পর স্পেন কোচ বলেছিলেন, ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে চান আর্জেন্টিনাকে। স্পেন কোচের এই চাওয়ার পেছনে রয়েছে ‘গুরু-শিষ্যের লড়াই’ কিংবা বন্ধুর সঙ্গে বন্ধুর লড়াই।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি একসময় স্প্যানিশ ফুটবল ফেডারেশনে যে কোচিং কোর্স করেছিলেন, সেখানে তাঁর প্রশিক্ষক ছিলেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে। দুই কোচের সম্পর্কটা পরে রূপ নেয় বন্ধুতায়। স্কালোনি থাকেনও স্পেনে, পরিবারে আছে স্প্যানিশ সদস্য।

শুধু কোচ কেন, স্পেন দলের অনেক খেলোয়াড়ের সঙ্গে গভীর যোগ আছে আর্জন্টিনার অনেকেরই। তাঁদের সংযোগ ঐতিহাসিক, সংযোগ ভাষাতেও। দুই দেশের ভাষা এক—স্প্যানিশ। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের ফাইনালে স্প্যানিশভাষী আর্জেন্টিনা-উরুগুয়ের লড়াইয়ের ৯৬ বছর পর এবার দেখা মিলবে স্প্যানিশভাষী দুই দেশের শিরোপার লড়াই। রোববার নিউজার্সিতে ব্যাটল অব এসপানিওল। এমনকি দুই দলের খেলার ধরনও প্রায় এক—পাসিং-নির্ভর নান্দনিক ফুটবল।

দুই দলের শিরোপার লড়াইয়ের আগে আসছে আলোচিত ওই ছবিটাও। ২০০৭ সালে স্প্যানিশ দৈনিক স্পোর্ত ও ইউনিসেফের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল ছবিটি। বার্সেলোনার মূল দলের খেলোয়াড়েরা সেখানে শিশুদের সঙ্গে ফটোশুটে অংশ নিয়েছিলেন। কাকতালীয়ভাবে ছয় মাসের লামিনে ইয়ামালকে বাথটাবে মেসির গোসল করানোর ছবিই পরে হয়ে ওঠে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি। ছবি বাদেও দুজনের সেতুবন্ধ হয়ে আছে লা মাসিয়া। মেসি-ইয়ামাল দুজনই বার্সার লা মাসিয়ার প্রোডাক্ট। বার্সেলোনার ভক্ত-সমর্থকেরা পড়েছেন মধুর সমস্যায়। মেসি-ইয়ামাল দুজন দুজনের বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন শিরোপার মাঝে। যেই শিরোপা জিতুন, ফাইনাল শেষে নিশ্চয়ই ইয়ামাল-মেসি আবারও ছবি তুলবেন। তখন একজনের মুখে থাকবে হাসি, আরেকজন ডুবে যাবেন হতাশায়।

স্পেনের বিপক্ষে ফাইনাল নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সেমিফাইনালের পর বলেছেন, ‘আমি স্পেনে বাস করি, আমার স্প্যানিশ পরিবার আছে। তবে রোববার, আমি দুঃখিত। আমরা তাদের হারানোর চেষ্টা করব। সর্বোচ্চ সমীহ ও অভিনন্দন জানাই তাদের। এটা দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। আশা করি, স্প্যানিশরাও খুশি হয়েছে আর্জেন্টিনাকে ফাইনালে পেয়ে। তারা মেসিকে অনেক ভালোবাসে। সব স্প্যানিশ হয়তো নয়, তবে স্পেনের বড় অংশই ওকে অনেক পছন্দ করে।’

আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন। ওদিকে স্পেন ইউরো চ্যাম্পিয়ন। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের একটা ম্যাচ খেলার কথা ছিল কয়েক মাস আগে।

ভেন্যু জটিলতায় পরে ‘লা ফিনালিসিমা’ ভেস্তে গেছে। কে জানত, স্থগিত হয়ে যাওয়া ফিনালিসিমায় যে বহুল প্রতীক্ষিত স্পেন-আর্জেন্টিনা দ্বৈরথ দেখা হয়নি, সেটিই এবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে বাস্তব হয়ে যাবে।

আটলান্টায় আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল দেখতে এসেছিলেন পুয়েল-জাভি-রামোসরা। ১৬ বছর আগে তাঁরাই তো প্রথমবারের মতো শিরোপা এনে দিয়েছিলেন লা ফুরিয়া রোহাদের। নিউজার্সিতে ‘লাল গোলাপে’র সৌরভ ছড়াতে প্রস্তুত ইয়ামাল-পেদ্রো-মেরিনোরা। আর যেভাবে দোর্দণ্ড প্রতাপে ছুটতে থাকা ফ্রান্সকে থামিয়ে ফাইনালে উঠেছে স্পেন, তাতে তাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে।

আত্মবিশ্বাসের কথাই যদি বলা হয়, সেটি মেসিদেরও তুঙ্গে। ২০২৬ বিশ্বকাপের নকআউটজুড়েই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে আর্জেন্টিনা উঠেছে ফাইনালে। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ মুঠোয় নেওয়া—এই আর্জেন্টিনা মানসিকভাবে কতটা শক্তিশালী, অদম্য; লা ফুয়েন্তের দল নিশ্চয়ই তা বুঝেছে।

কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ডের বিপক্ষে যদি রেফারিং ইস্যু সামনে এনে বিতর্কও করা হয়, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচ উপহার দিয়েছেন মেসিরা—তাতে আর্জেন্টিনা আরও উজ্জীবিত। আটলান্টায় আর্জেন্টাইনদের ঠোঁটে আঙুল দিয়ে একটি অভিন্ন উদ্‌যাপন দেখা গেল, ‘ইশশশ...’ যার অর্থ, ‘ইংলিশরা থামো’। সাইলেন্স সেলিব্রেশন হয়েছে ড্রেসিরুমেও। এখন ফাইনালে স্প্যানিশদের থামিয়ে দিতে পারলেই টানা দুটি শিরোপা, জার্সিতে বসবে চার তারকা। মেসির আসন তখন কোথায় হবে? ‘গ্রেটেস্ট অব অল টাইম’ তকমা তো পেয়েছেনই। এরপর? সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমর্থকেরা লিখছে—কীভাবে থামাবে মেসিকে? পাহারা দাও—গোল করবেন। ঘিরে ফেলো—অ্যাসিস্ট করবেন। ফাউল করো—আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। যদি একটু ফাঁকা জায়গা দাও, খেলার ভাগ্য সেখানেই নির্ধারিত হয়ে যাবে।

এবার সেই মেসির আর্জেন্টিনার সঙ্গে স্পেনের ফাইনাল; নান্দনিক ফুটবলের সঙ্গে শিরোপার লড়াই, এমন প্যাকেজ বিশ্বকাপ আর কবে পেয়েছে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত