Ajker Patrika

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল মরক্কো

ক্রীড়া ডেস্ক    
ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল মরক্কো
ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে মরক্কো। ছবি: এক্স

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল মরক্কো। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার নায়েফ আগের্দ এবং উইঙ্গার আবদে ইজ্জালজুলি। দুই ফুটবলারকে বাদ দিয়ে বাধ্য হয়ে দুটি পরিবর্তন আনতে হয়েছে মরক্কোকে।

চোটাক্রান্ত আগের্দের জায়গায় দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ মারওয়ানে সাদানে, আর ইজ্জালজুলির পরিবর্তে যোগ দিয়েছেন তরুণ উইঙ্গার আমিন এসবাই।

মরক্কো ফুটবল ফেডারেশন ও কোচ মোহাম্মদ ওয়াহবি শেষ মুহূর্ত পর্যন্ত আশায় ছিলেন, চোট কাটিয়ে এই দুই তারকা সময়মতো সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আর ঝুঁকি নিতে চায়নি আটলাস লায়নরা। রোববার নিউইয়র্কে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে এই চূড়ান্ত পরিবর্তন আনে তারা।

২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনালে ওঠার রূপকথার গল্পের অন্যতম নায়ক ছিলেন সেন্টারব্যাক নায়েফ আগের্দ। কিন্তু গত মার্চ থেকে কুঁচকির চোটের কারণে নিজের ক্লাব মার্সেইয়ের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। মার্চে অস্ত্রোপচারের পর এপ্রিলে নতুন করে তাঁর পিউবিক হাড়ে চিড় ধরা পড়লে পুনর্বাসন প্রক্রিয়া থমকে যায়। বিশ্বকাপের আগে মরক্কোর হয়ে প্রীতি ম্যাচগুলোতেও তিনি খেলতে পারেননি। তাঁর জায়গায় দলে আসা ৩৪ বছর বয়সী সাদানে ২০১৫ সালে অভিষেকের পর থেকে জাতীয় দলে অনেকটাই অনিয়মিত। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল ফতেহতে খেলছেন।

২৪ বছর বয়সী উইঙ্গার আবদে ইজ্জালজুলিকে ধরা হচ্ছিল এবারের বিশ্বকাপের অন্যতম ‘সারপ্রাইজ প্যাকেজ’। কিন্তু গত রোববার নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে সতীর্থ শাদি রিয়াদের সঙ্গে এক সংঘর্ষে তাঁর বিশ্বকাপ স্বপ্ন ভেস্তে যায়। ডান পায়ের চোট গুরুতর হওয়ায় এবং ৪৮ ঘণ্টার ফিটনেস টেস্টে অনুত্তীর্ণ হওয়ায় রিয়াল বেতিসের এই তারকাকে দল থেকে বাদ দিতে হয়। তাঁর জায়গায় আসা আমিন এসবাইয়ের অবশ্য আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞতা একেবারেই নতুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত