Ajker Patrika

ফিক্সিং তদন্তের মাঝেই কানাডার ভিসা পেলেন সেই ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
ফিক্সিং তদন্তের মাঝেই কানাডার ভিসা পেলেন সেই ফুটবলার
এলিয়ে ওয়াহি। ছবি: সংগৃহীত

বেটিং সংশ্লিষ্ট অভিযোগের তদন্তে নাম জড়ানো আইভরি কোস্টের স্ট্রাইকার এলিয়ে ওয়াহি শেষ পর্যন্ত কানাডায় প্রবেশের অনুমতি পেয়েছেন। বিশ্বকাপে জার্মানির বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে আর কোনো বাধা থাকছে না তাঁর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আইভরিয়ান ফুটবল ফেডারেশন (এফআইএফ) জানিয়েছে, ওয়াহির কানাডা সফরের জন্য প্রয়োজনীয় সব অনুমোদন পাওয়া গেছে। এর আগে ফেডারেশন জানিয়েছিল, ২৩ বছর বয়সী এই ফুটবলারের কানাডা যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এর আগে ফিলাডেলফিয়াতে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয়ে শুরু থেকেই খেলেছিলেন ওয়াহি। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২১ জুন টরন্টোয় জার্মানির বিপক্ষে খেলতে নামবে আইভরি কোস্ট।

ওয়াহিকে ঘিরে বিতর্কের সূত্রপাত ফ্রান্সে। বুধবার ফরাসি ফুটবল লিগ (এলএফপি) জানায়, গত ১৭ মে নিসের হয়ে ফরাসি লিগ ওয়ানের ম্যাচ খেলার সময় এই ফুটবলার হলুদ কার্ড দেখবেন—এমন ঘটনায় আন্তর্জাতিক বেটিং বাজারে অস্বাভাবিক পরিমাণ বাজি ধরা হয়েছিল। নিস ও মেতজের মধ্যকার সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচটিতে ওয়াহি একটি হলুদ কার্ডও দেখেন। এএফপি জানিয়েছে, বেটিং বাজার পর্যবেক্ষণকারী অংশীদারদের কাছ থেকে সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়ার পর বিষয়টি পুলিশ, জুয়া নিয়ন্ত্রক সংস্থা এবং ফরাসি ফুটবল ফেডারেশনের কাছে পাঠিয়েছে এলএফপি।

তদন্তের অংশ হিসেবে ওয়াহিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, সে বিষয়ে মার্সেই প্রসিকিউটরের দপ্তর অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘ফ্রান্সের লিগ ওয়ান চ্যাম্পিয়নশিপে খেলা ২৩ বছর বয়সী এক পেশাদার ফুটবলারকে ২০২৬ সালের ২৯ মে তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। এই তদন্তে সংঘবদ্ধ প্রতারণা, সংঘবদ্ধ ক্রীড়া দুর্নীতি, চোরাই সম্পদ গ্রহণ এবং অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’ পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটক না রেখেই ছেড়ে দেওয়া হয়।

তবে ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি বলে জানিয়েছে আইভরিয়ান ফুটবল ফেডারেশন। খেলোয়াড়টির পাশে থাকার বার্তাও দিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা খেলোয়াড়টির প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং তার প্রতি আমাদের আস্থা পুনর্ব্যক্ত করছি। এলিয়ে ওয়াহি আইভরি কোস্ট জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত