Ajker Patrika

সুখবর পেল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ জুন ২০২৬, ২১: ২৯
সুখবর পেল ব্রাজিল
র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে ব্রাজিল। ছবি: এএফপি

নিউ জার্সিতে ১৪ জুন মরক্কোর বিপক্ষে ড্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল দলকে নিয়ে চলছে সমালোচনা। স্টেডিয়ামের দর্শকদের মতো বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্রাজিলের ভক্ত-সমর্থকেরা হতাশ হয়ে পড়েছেন। তবে পরশু বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলার আগে সুখবর পেয়েছে সেলেসাওরা।

ফুটবল বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ পর আজ ফিফা র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে ব্রাজিল। সেলেসাওদের পয়েন্ট এখন ১৭৬৫.৩৪। নিউ জার্সিতে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোল করেও সুখবর পেয়েছে মরক্কো। এক ধাপ এগিয়ে মরক্কো এখন ৬ নম্বরে। শীর্ষ স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। গতকাল কানসাস সিটিতে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বর্তমানে আলবিসেলেস্তেদের রেটিং পয়েন্ট ১৮৮৯.০৬। তাদের বেড়েছে ১১.৮০ পয়েন্ট।

স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ক্রোয়েশিয়ার মতো ইউরোপীয় দলগুলোর অবনতি হয়েছে। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে স্পেন। পরশু আটলান্টায় নবাগত কেপ ভার্দে গোলশূন্য ড্র করেছে ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনের সঙ্গে। পর্তুগালকে গত রাতে রুখে দিয়েছে ডিআর কঙ্গো। দুই ধাপ পিছিয়ে পর্তুগাল নেমে গেছে সাত নম্বরে।

ফিফার নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে বেলজিয়াম এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে। বেলজিয়াম গত পরশু মিসরের বিপক্ষে পিছিয়ে থেকে ড্র করেছিল। নতুন র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস আগের মতোই চার ও আট নম্বর স্থানে রয়েছে। গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে জেতায় ১৯.৬৬ পয়েন্ট বেড়ে এখন ইংল্যান্ডের পয়েন্ট ১৮৪৭.৬৮।

কুরাসাওকে ১৪ জুন রাতে ৭-১ গোলে হারানোর পর জার্মানির উন্নতি হয়েছে। হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে আসা জার্মানির পয়েন্ট ১৭৫৩.৫৪। যদিও জার্মানির পয়েন্ট বাড়েনি। অন্যদের অবস্থানের পরিবর্তনের কারণেই মূলত এগিয়েছে জার্মানি। আর ফ্রান্স এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে। ১৬.৪১ পয়েন্ট বেড়ে ফরাসিদের পয়েন্ট এখন ১৮৮৭.১১।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত