Ajker Patrika

এমবাপ্পে-হালান্ড দ্বৈরথ আজ বোস্টনে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
এমবাপ্পে-হালান্ড দ্বৈরথ আজ বোস্টনে
ফ্রান্স-নরওয়ে মুখোমুখি আজ। মুখোমুখি দল দুটির দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। ছবি: এক্স

কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হালান্ড—রোমাঞ্চকর দ্বৈরথটি এবার মঞ্চস্থ হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ রাউন্ডে। বোস্টনের মাঠে গ্রুপ ‘আই’য়ের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও নরওয়ে। দুই দলই ইতিমধ্যে শেষ ৩২ নিশ্চিত করে ফেললেও ফুটবলপ্রেমীদের চোখ আটকে আছে এমবাপ্পে ও হালান্ডের গোল্ডেন বুট জয়ের লড়াইয়ের দিকে।

ইরাক ও সেনেগালের বিপক্ষে দুটি করে গোল করে আসরে ৪ গোল নিজের ঝুলিতে পুরেছেন হালান্ড। ফরাসিদের বিপক্ষেও যদি তিনি জোড়া গোল করতে পারেন, তবে স্তাবিলে (১৯৩০) ও কোকসিসের (১৯৫৪) পর ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচের প্রতিটিতেই দুটি বা তার বেশি গোল করার অনন্য কীর্তি গড়বেন।

আগের ম্যাচে ইরাকের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে, যা মিরোস্লাভ ক্লোসার সমান। মেসির রেকর্ড ছুঁতে ফরাসি তারকার প্রয়োজন আর মাত্র দুটি গোল।

ম্যাচটি মূলত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। যে দল জিতবে, তারা গ্রুপসেরা হয়ে শেষ ৩২-এর লড়াইয়ে অন্য কোনো গ্রুপের অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ তথা তৃতীয় স্থান অর্জনকারী দলের মুখোমুখি হবে। রানার্সআপ দলকে নকআউটের প্রথম রাউন্ডেই খেলতে হবে গ্রুপ ‘ই’-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিপক্ষে।

ফরাসিদের সামনে সুযোগ রয়েছে ১৯৯৮ সালের পর প্রথমবার গ্রুপপর্বের সব ম্যাচ জিতে নকআউটে যাওয়ার, আর নরওয়ের সামনে সুযোগ তাদের ফুটবল ইতিহাসের সেরা জয়রথ বজায় রাখার।

হালান্ডকে আটকানো নিয়ে ফরাসি ডিফেন্ডার দায়ো উপামেকানোকে বলেন, ‘হালান্ডের দিক পরিবর্তন করতে মাত্র এক সেকেন্ডের ভগ্নাংশ সময় লাগে। তাই সব সময় ওর ওপর কড়া নজর রাখতে হবে। যদি আপনি বল নিয়ন্ত্রণ করার আগেই তাঁকে থামাতে না পারেন, তবে ওকে উইংয়ের দিকে ঠেলে দিতে হবে এবং গোল করার কোণ কমিয়ে আনতে হবে।’ তবে কেবল হালান্ডকে নিয়েই ভাবছেন না উপামেকানো। নিজের সাবেক সতীর্থ আলেক্সান্দার সোরলোথকে নিয়েও বিশেষ সতর্কবার্তা দিয়ে তিনি যোগ করেন, ‘হালান্ড নিশ্চিতভাবেই একজন অবিশ্বাস্য খেলোয়াড়, কিন্তু আলেক্সান্দার সোরলোথকেও ভুলে গেলে চলবে না। আমি লাইপজিগে ওর সঙ্গে খেলেছি; ও অত্যন্ত শক্তিশালী, গতিময় এবং ওর শট দারুণ জোরালো।’

সেনেগালের বিপক্ষে খেলোয়াড়দের অতিরিক্ত ক্লান্তি ও ক্র্যাম্পের কারণে নরওয়ে দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ স্তালে সোলবাকেন। একাদশ নিয়ে রহস্য ধরে রেখেই তিনি বলেন, ‘দলে কিছু পরিবর্তন আসবে। এমন নয় যে আমরা জিততে চাই না, তবে ম্যাচের মধ্যবর্তী কম সময় এবং খেলোয়াড়দের শারীরিক অবস্থার কারণে অন্যদের সুযোগ দিতে হবে। আগামী ম্যাচে আপনাদের জন্য আমাদের একাদশ অনুমান করা বেশ কঠিন হবে।’

মায়ের মৃত্যুর কারণে ফরাসি কোচ দিদিয়ের দেশম এই ম্যাচে ডাগআউটে থাকতে পারছেন না, তাঁর অনুপস্থিতিতে সহকারী কোচ গায় স্তেফানের অধীনে খেলতে নামবে ফ্রান্স। বোস্টনের আবহাওয়ার পূর্বাভাসে ঝড়ের আশঙ্কার মধ্যেই এমবাপ্পে-হালান্ডের এই দ্বৈরথ দারুণ এক রাতই উপহার দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত