Ajker Patrika

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৫ জুন ২০২৬, ১৫: ৫০
প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব শুরু করার পর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী।

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আবারও সাধারণ ভ্রমণ ভিসা চালুর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। ২৮ জুন থেকে ভিসা আবেদন জমা দেওয়া যাবে। মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা প্রদানও চলতে থাকবে।’ তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা থেকে এই ভিসা দেওয়া হবে। পরবর্তী সময়ে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

ভারতের এই হাইকমিশনার বলেন, ‘আশা করি, এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। হাইকমিশনার হিসেবে আমি প্রথম কাজটি করলাম। আমি অনেক খুশি। আশা করি, এখানকার সাধারণ মানুষও খুশি হবে।’

এ সময় হাইকমিশনার জানান, তিনি মাঝেমধ্যে ভিসা সেন্টারে এসে সাধারণ মানুষের কথা শুনবেন এবং গণমাধ্যমকর্মীদের পরামর্শ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত