
ক্যাচ মিস তো ম্যাচ মিস—আজ ম্যানচেস্টারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ-ভারত ম্যাচ দেখে এই প্রবাদ মনে পড়াটাই স্বাভাবিক। হাতের নাগালে থাকা ক্যাচ ফসকানোর খেসারত দিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশকে। ভারতের কাছে জ্যোতির দল হেরে গেল ৫ উইকেটে।
সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশের এখন গ্রুপ পর্বের বাকি থাকা সব ম্যাচই জিততে হবে। কিন্তু আজ ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি জ্যোতির দল। ৫ উইকেটে হেরে সেমির লড়াই থেকে একরকম ছিটকে গেল বাংলাদেশ। ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে জ্যোতির দল জিতলেও থাকবে অনেক ‘যদি-কিন্তু।’
১৩৭ রানের লক্ষ্যে নেমে দলীয় ৫ রানেই ভারত হারাতে পারত প্রথম উইকেট। ইনিংসের চতুর্থ বলে মারুফা আক্তারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে যান শেফালি ভার্মা। কিন্তু উইকেটরক্ষক জ্যোতি ডানদিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। বাংলাদেশ পেসার মারুফার আফসোসই বলে দিচ্ছিল কত বড় ভুল তাঁরা করেছেন।
৪ রানে বেঁচে যাওয়া শেফালি এরপর তাণ্ডব চালাতে থাকেন। ১৮ বলে ৩১ রানের জুটি গড়েন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি। তৃতীয় ওভারের শেষ বলে মান্ধানাকে (৮) ফেরান মারুফা। দ্বিতীয় উইকেটে এরপর ৩৪ বলে ৪৫ রানের জুটি গড়েন যস্তিকা ভাটিয়া ও শেফালি। নবম ওভারের চতুর্থ বলে শেফালিকে ফেরান নাহিদা আক্তার। যে জ্যোতি শুরুতে ক্যাচ ছেড়েছিলেন, এবার তিনি করেছেন স্টাম্পিং। ৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন ভারতীয় এই বাঁহাতি ব্যাটার।
শেফালি ফেরার পর ভারতের স্কোর হয়ে যায় ৮.৪ ওভারে ২ উইকেটে ৭৬ রান। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। যস্তিকা (২৩) ও রিচা ঘোষকে (১০) হারিয়ে ভারত ১২.৪ ওভারে ৪ উইকেটে ৯৮ রানে পরিণত হয়। মাঝে দশম ওভারের প্রথম বলে যস্তিকার কট এন্ড বোল্ড সুযোগ হাতছাড়া করেন রাবেয়া খান। তখন অবশ্য যস্তিকার রান ছিল ১৪।
যস্তিকার ক্যাচ মিস তেমন খরুচে না হলেও বাংলাদেশ ১৪তম ওভারের সময় যা করল, তা ব্যাখ্যাতীত। সে ওভারের তৃতীয় বলে নাহিদাকে মিড উইকেটে ঠেলেন হারমানপ্রীত। ভারতীয় অধিনায়ক প্রথমে রানের জন্য এগোলেও দৌড় দেননি। কিন্তু নন স্ট্রাইকপ্রান্তের জেমিমা রদ্রিগেজ দৌড়ে স্ট্রাইকপ্রান্তে অনেকটা এগিয়ে এসেছিলেন। পরবর্তীতে জেমিমা যখন ফিরছিলেন, হারমানপ্রীতও সতীর্থের বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু মিড উইকেট থেকে থ্রো করা বল নাহিদা নন-স্ট্রাইকপ্রান্তে লাগানোর সুযোগ পেলেও রানআউট করতে পারেননি।
১০৩ রানে যেখানে পড়তে পারত পঞ্চম উইকেট, সেই উইকেট পড়েছে ১২৮ রানে। পঞ্চম উইকেটে ২০ বলে ৩০ রানের জুটি গড়েন হারমানপ্রীত ও জেমিমা। ১৬তম ওভারের চতুর্থ বলে জেমিমার উইকেট রিতু মনি নিলেও কোনো উচ্ছ্বাস ছিল না বাংলাদেশ দলের।
১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করে জেমিমা ফেরার পর ভারতের দরকার পড়ে ২৭ বলে ৯ রান। বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন হারমানপ্রীত ও দীপ্তি শর্মা। ১৭তম ওভারের পঞ্চম বলে নাহিদাকে লং অন দিয়ে চার মেরে ভারতকে ৫ উইকেটের জয় এনে দেন দীপ্তি।
ভারতের ১৩৯ রানের মধ্যে ৫৩ রান আসে শেফালির ব্যাটে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনিই। বাংলাদেশের রিতু মনি ৪ ওভারে ২৯ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মারুফা, রাবেয়া ও নাহিদা।
এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে করে ১৩৭ রান। ভারত চার ক্যাচ মিস করলেও জ্যোতির দল সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করেন জুয়াইরিয়া। ৩১ বলের ইনিংসে মেরেছেন ৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক জ্যোতি। ভারতের বাঁহাতি স্পিনার রাধা যাদব ৪ ওভারে ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ গ্রুপ ওয়ানের পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে। দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট ৪। তবে নেট রানরেটের কারণে তাদের অবস্থান ভিন্ন। তিন ও চারে থাকা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের নেট রানরেট -০.৫৪৬ ও -০.৮৪৯। ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে ভারত।
কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপ ওয়ানের পাকিস্তান ও নেদারল্যান্ডস পাঁচ ও ছয়ে অবস্থান করছে। দুই দলই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তারা প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।

খুব বেশি দিন আগের ঘটনা নয়। জিম্বাবুয়ের বুলাওয়েতে এ বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা টসের সময় হাত মেলাননি। পাঁচ মাস পর এবার ম্যানচেস্টারে দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের এক মাসও পূর্ণ হয়নি। এক মাস পর আরেক ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। সদ্য সমাপ্ত সিরিজ থেকে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগে
একটু এদিক-সেদিক হলেই সুইডেন ফুটবল দলের জন্য তা হতে পারত বিপদের কারণ। বিশ্বকাপের জন্য যে স্টেডিয়ামে দলটি অনুশীলন করছে, সেই স্টেডিয়াম আংশিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে ফুটবলার ও কোচরা ঘটনাস্থলে না থাকায় বড় বাঁচা বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
ব্রাজিলের কাছে পাত্তাই পায়নি স্কটল্যান্ড। যে ম্যাচটি ছিল স্কটল্যান্ডের জন্য টুর্নামেন্টে টিকে থাকার লড়াই, সেই ম্যাচে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তারা। বাজেভাবে হারের পর ক্ষুব্ধ দলটির কোচ স্টিভ ক্লার্ক।
৫ ঘণ্টা আগে