Ajker Patrika

হামজার আগমনেও ভরেনি গ্যালারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হামজার আগমনেও ভরেনি গ্যালারি
জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। ছবি: আজকের পত্রিকা

হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে মাঠে নামছেন, সঙ্গে পেয়েছেন দলের অধিনায়কের গুরুদায়িত্বও। এমন দিনে স্টেডিয়ামে তিল ধারণের জায়গা থাকবে না, এমনটাই ছিল স্বাভাবিক প্রত্যাশা। তবে মাঠের বাস্তব চিত্র একেবারেই উল্টো। কিক-অফের মাত্র ১০ মিনিট আগেও স্টেডিয়ামের অধিকাংশ গ্যালারি খাঁ খাঁ করছে। তারার মেলা আর অধিনায়ক হিসেবে হামজার ম্যাচও টানতে পারল না উল্লেখযোগ্য সংখ্যক দর্শক।

ভুটানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি হামজা চৌধুরী ও ফারহান আলী। আজ শ্রীলঙ্কার বিপক্ষে দুজনেই ফিরেছেন শুরুর একাদশে। বিশেষ করে হামজাকে নিয়ে ফুটবলপ্রেমীদের যে উন্মাদনা তৈরি হয়েছিল, তাতে স্টেডিয়ামের পরিবেশ উৎসবমুখর হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর সাইরেন বাজার আগমুহূর্তেও ভিআইপি আর নির্দিষ্ট কিছু আসন ছাড়া সাধারণ গ্যালারির বেশির ভাগ অংশই ফাঁকা পড়ে রয়েছে।

গ্যালারি ফাঁকা থাকার পেছনে প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে টিকিটের আকাশচুম্বী মূল্যকে। আয়োজকদের ঘোষিত মূল্যতালিকা অনুযায়ী, টিকিটের সর্বনিম্ন মূল্যই রাখা হয়েছে ১ হাজার টাকা। পাঁচটি ক্যাটাগরির মধ্যে সাধারণ গ্যালারি ১ হাজার, ক্লাব হাউস ৪ হাজার, ভিআইপি গ্যালারি ৭ হাজার, এসি বক্স ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ হাজার টাকা। ডে পাসের আওতায় এক টিকিটে দুটি ম্যাচ দেখার সুযোগ থাকলেও সাধারণ গ্যালারির টিকিটের এই অস্বাভাবিক চড়া দাম সাধারণ ফুটবলপ্রেমী ও শিক্ষার্থীদের নাগালের বাইরে চলে গেছে।

জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীকে জড়িয়ে ধরেছেন এক ভক্ত। ছবি: আজকের পত্রিকা
জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীকে জড়িয়ে ধরেছেন এক ভক্ত। ছবি: আজকের পত্রিকা

স্টেডিয়াম প্রাঙ্গণে উপস্থিত একাধিক সমর্থক ক্ষোভ প্রকাশ করে জানান, হামজা চৌধুরী ও দলের খেলা সরাসরি মাঠে বসে দেখার তীব্র আগ্রহ সবারই ছিল। কিন্তু সাধারণ গ্যালারির টিকিটের দাম যেখানে আগে ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে থাকত, সেখানে এক লাফে ১ হাজার টাকা করায় মাঠে আসার উৎসাহ হারিয়েছেন সাধারণ দর্শক। আয়োজকদের এমন অতিরিক্ত বাণিজ্যিক মানসিকতার কারণেই আজ হামজার মতো তারকার উপস্থিতিতেও দর্শকহীন নিস্তরঙ্গ পরিবেশে খেলতে হচ্ছে দলকে।

মাঠে হামজা-ইব্রাহিমরা নিজেদের সেরাটা দিয়ে হয়তো জয় ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামবেন, তবে মাঠের বাইরে গ্যালারির এই শূন্যতা আয়োজক ও দেশের ফুটবলের নীতিনির্ধারকদের জন্য এক বড় সতর্কবার্তা হয়েই থাকবে। এরই মাঝে একটি দৃশ্য অনেকের নজর কেড়েছে। ম্যাচের আগে হামজাকে জড়িয়ে ধরেছেন এক ভক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত