Ajker Patrika

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফের সেমিতে ভারত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফের সেমিতে ভারত
মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে ভারত। ছবি: ফেসবুক

সুহেইল ভাটের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে ভারত। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ ১–০ গোলের জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নওশাদ মুসার দল। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে ভারতের জয়সূচক গোলটি করেন সুহাইল। চলতি আসরে মোহনবাগানের এই ফুটবলারের গোলসংখ্যা দাঁড়াল তিনে।

সেমিফাইনাল নিশ্চিত করতে ভারতের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। তবে ড্রয়ের হিসাব না কষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে দলটি। টুর্নামেন্টের মাঝপথে স্কোয়াডেও আনে পরিবর্তন। নিয়মিত অধিনায়ক বিজলয় ভার্গিসের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন চিংলেনসানা সিং। তাঁর নেতৃত্বে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে মালদ্বীপের রক্ষণে চাপ তৈরি করে ভারত। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণও সাজায় তারা।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৩৭ মিনিটে সেই আক্রমণের ফল পায় ভারত। মালদ্বীপের ডিফেন্ডার ইউসুফের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন আব্দুল রাবিহ। তাঁকে থামাতে গিয়ে বক্সের ভেতর ফাউল করেন ইউসুফ। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে ৩৮ মিনিটে স্পটকিক নিতে দাঁড়ান সুহেইল ভাট। ঠান্ডা মাথায় মালদ্বীপের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান ভারতের এই ফরোয়ার্ড।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে মালদ্বীপ। তবে ভারতের সংগঠিত রক্ষণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে বদলি খেলোয়াড় নামিয়ে আক্রমণে গতি আনার চেষ্টা করে ভারত। পাল্টা আক্রমণে মালদ্বীপও কয়েকবার বিপজ্জনক হয়ে ওঠে। দলকে এগিয়ে রাখতে বড় ভূমিকা রাখেন ভারতীয় গোলরক্ষক প্রিয়াংশ দুবে।

দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৫ মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করেন দুবে। ম্যাচের শেষ দিকে বক্সের ঠিক বাইরে থেকে মালদ্বীপের বদলি খেলোয়াড় হামদানের নেওয়া বাঁ পায়ের জোরাল শটও দারুণ ক্ষিপ্রতায় বারের ওপর দিয়ে পাঠিয়ে দেন তিনি। তাতে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় মালদ্বীপের। ম্যাচের নাটকীয় মুহূর্তটি আসে যোগ করা সময়ে। ৯১ মিনিটে ভারতের বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন মালদ্বীপের জাকি। কিন্তু শরীর ছুড়ে দিয়ে জাকির শট রুখে দেন দুবে। মুখে আঘাত পেয়ে মাঠে কিছুটা সময় নিস্তেজ পড়ে ছিলেন এই গোলরক্ষক।

শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে ভারত। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩–২ গোলে হারানোর পর এটি তাদের টানা দ্বিতীয় জয়। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে সেমিফাইনালে উঠল ভারত। ‘বি’ গ্রুপের অপর দল হিসেবে শেষ চারে নাম লিখিয়েছে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত