ঢাকায় জোর করে একই খাবার খাওয়ানো হচ্ছে, অভিযোগ ভারতের

মালদ্বীপকে ১–০ গোলে হারিয়ে সাফের সেমিফাইনালে ওঠার পরও পুরোপুরি স্বস্তিতে নেই ভারতীয় দল। মাঠের লড়াইয়ে সাফল্য এলেও ঢাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট প্রধান কোচ নওশাদ মুসা। বিশেষ করে হোটেলে প্রতিদিন একই খাবার দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে পেশাদার ফুটবলারদের খাদ্যতালিকা নির্ধারণের ক্ষেত্রে আয়োজকদের আরও নমনীয় হওয়া প্রয়োজন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের আতিথেয়তা ও নিরাপত্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল মুসাকে। নিরাপত্তা কিংবা সামগ্রিক আতিথেয়তা নিয়ে আপত্তি না থাকলেও খাবারের ক্ষেত্রে আয়োজকদের নির্ধারণ করে দেওয়া মেন্যুতে আপত্তি তাঁর।
নিজের অসন্তোষ জানিয়ে ভারতীয় কোচ বলেন, ‘আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। একমাত্র সমস্যা খাবারের। আয়োজক হিসেবে তো আপনি বলতে পারেন না যে এটাই তোমাদের খেতে হবে! আমাদের একটা নির্দিষ্ট সেট মেন্যু ধরিয়ে দেওয়া হচ্ছে, যা মেনে নেওয়া সম্ভব নয়।’
ফুটবলারদের জন্য ম্যাচের পরের খাবার কতটা গুরুত্বপূর্ণ, সেটিও তুলে ধরেছেন মুসা। ম্যাচের আগে বেশি খাওয়ার সুযোগ থাকে না খেলোয়াড়দের। ফলে ম্যাচ শেষে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি ফিরে পেতে খাবারের বৈচিত্র্য থাকা জরুরি। কিন্তু হোটেলে ফিরে প্রতিদিন একই খাবার পাওয়ায় সেই চাহিদা পূরণ হচ্ছে না বলে অভিযোগ তাঁর। মুসার ভাষায়, ‘ম্যাচের পর খেলোয়াড়দের ভালো ও পুষ্টিকর খাবার খুব দরকার। ম্যাচের দিনে ফুটবলাররা বেশি কিছু খেতে পারে না, ফলে খেলার পর তাদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার প্রয়োজন হয়। কিন্তু আমরা হোটেলে গিয়ে দেখি সেই প্রতিদিনের একই খাবার। রোজ একই জিনিস দেওয়া হচ্ছে।’
নিরাপত্তার কারণে হোটেলের বাইরে গিয়ে পছন্দমতো খাবার খাওয়ার সুযোগও পাচ্ছে না ভারতীয় দলের সদস্যরা। পুলিশি নিরাপত্তায় হোটেল থেকে স্টেডিয়াম—এই দুই জায়গার মধ্যেই সীমাবদ্ধ তাঁদের চলাফেরা। ঢাকায় থেকেও শহরটি ঘুরে দেখার সুযোগ না পাওয়ার আক্ষেপও আছে মুসার। এ প্রসঙ্গে কিছুটা রসিকতা করেই তিনি বলেন, ‘ঢাকা শহর উপভোগ করতে হলে তো বের হতে হবে, কিন্তু তাঁদের সারা দিন হোটেলেই বন্দী থাকতে হচ্ছে।’
খাবারের মান ও মেন্যু নিয়ে অসন্তোষের বিষয়টি ভারতীয় ফুটবল ফেডারেশনও অবগত। দলীয় ব্যবস্থাপনার মাধ্যমে ফেডারেশনের কাছে অভিযোগ পৌঁছানোর পর বিষয়টি নিয়ে সাফের সঙ্গে আলোচনা চলছে। মুসার জানান, কয়েক দফা আলোচনার পর সকালের নাশতার সমস্যা কিছুটা সমাধান হলেও দুপুর ও রাতের খাবারের একঘেয়েমি কাটেনি। ফলে মাঠের সাফল্যের পাশাপাশি মাঠের বাইরের এই অস্বস্তিও এখন ভারতীয় দলের আলোচনায়।









