Ajker Patrika

ষষ্ঠ বিশ্বকাপে মেসির সামনে অপেক্ষা করছে যেসব রেকর্ড

ক্রীড়া ডেস্ক    
ষষ্ঠ বিশ্বকাপে মেসির সামনে অপেক্ষা করছে যেসব রেকর্ড
টানা ছয়টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মেসি। ফাইল ছবি

ফুটবল ইতিহাসে এমন মুহূর্ত বারবার আসে না। ২০২৬ সালের বিশ্বকাপে লিওনেল মেসি যখন আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামবেন, তখন তাঁর পায়ের নিচে শুধু ঘাস নয়, থাকবে ইতিহাস ভাঙার সুযোগও। বয়স ৩৮ পেরিয়ে ৩৯-এর পথে, তবু থামার কোনো লক্ষণ নেই। বরং এই বিশ্বকাপেই তাঁর সামনে খুলে যেতে পারে একের পর এক রেকর্ডের নতুন দরজা।

এতদিন পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ড মেসি ভাগ করে নিচ্ছিলেন লোথার ম্যাথাউস, জিয়ানলুইজি বুফন, রাফায়েল মার্কেস, আন্দ্রেস গুয়ার্দাদো, আন্তোনিও কার্বাহাল ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার মাটিতে পা রাখলেই সেই সংখ্যা উঠবে ছয়ে। রোনালদোও এবার পর্তুগালের হয়ে খেলবেন বলে নিশ্চিত, তাই রেকর্ডটি ভাগ হবে দুজনের মধ্যে।

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এরই মধ্যে কেবল মেসির। পাঁচ আসরে তিনি মাঠে নেমেছেন ২৬ বার। ম্যাথাউস থেমেছেন ২৫-এ, মিরোস্লাভ ক্লোসা ২৪ ও পাওলো মালদিনি খেলেছেন ২৩ ম্যাচ। এবারের বিশ্বকাপে নতুন ফরম্যাটে ফাইনাল পর্যন্ত যেতে পারলে আরও আটটি ম্যাচ যোগ হবে। সেটি হলে এই রেকর্ড এত দূরে চলে যাবে যে কয়েক দশকেও কেউ নাগাল পাবেন কি না, সেটা নিয়ে সংশয় থেকেই যাবে। মিনিটের হিসাবেও তিনি সবার উপরে — পাঁচ আসরে মাঠে ছিলেন ২ হাজার ৩০০ মিনিটেরও বেশি সময়।

গোলের পরিসংখ্যানে মেসি এখন দাঁড়িয়ে আছেন এক রোমাঞ্চকর সন্ধিক্ষণে। পাঁচ বিশ্বকাপ মিলিয়ে তাঁর গোল ১৩টি । ফ্রান্সের জুঁত ফন্তেইনের সঙ্গে যৌথভাবে আছেন চতুর্থ স্থানে। ঠিক সামনেই দাঁড়িয়ে তিন কিংবদন্তি — গার্ড মুলার (১৪), রোনালদো নাজারিও (১৫) এবং মিরোস্লাভ ক্লোসা (১৬) । টুর্নামেন্টটি যদি মেসির মনমতো যায়, তাহলে এই তিনজনের যেকোনো একজনকে, এমনকি সবাইকে ছাড়িয়ে যাওয়াটাও অসম্ভব নয়।

অ্যাসিস্টের হিসাবে রেকর্ডটি আরও হাতের কাছে। পাঁচ বিশ্বকাপে মেসির অ্যাসিস্ট ৮টি। মাত্র দুটি যোগ হলেই স্পর্শ করবেন পেলের ১০ অ্যাসিস্টের রেকর্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত